পাকিস্তানের হয়ে খেলা মানসিক নির্যাতন!
পাকিস্তান ক্রিকেটের নিরন্তর কেলেঙ্কারি ও বিতর্ক বিষিয়ে তুলেছে মিসবাহ-উল হকের জীবন। অধিনায়কত্বের দায়িত্ব ভালোমতো পালন করা তো দূরের কথা, পাকিস্তানের হয়ে খেলাটাই নাকি মানসিক নির্যাতনের মতো মনে হচ্ছে তাঁর কাছে। পাকিস্তানি টিভি চ্যানেল জিও সুপার স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে মিসবাহ বলেছেন, ‘এখানকার ক্রিকেট অঙ্গনে একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলেছে, এগুলোর চাপ নেওয়াটা সত্যিই কঠিন। এটা মানসিক নির্যাতনের মতো হয়ে দেখা দিয়েছে। এতে ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব পড়ে। পাকিস্তানি ক্রিকেটের জন্যও এটা খুবই বাজে ব্যাপার। দেশে, দেশের বাইরে সব জায়গাতেই আমাদের বিদ্রূপ করা হয়।’সালমান বাট স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে নিষিদ্ধ হওয়ার পর গত অক্টোবরে টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ-উল হক। আর কিছুদিন আগে শহীদ আফ্রিদির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মনোমালিন্যের পর ওয়ানডে দলের নেতৃত্বের ভারও তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। বর্তমানে পাকিস্তানি ক্রিকেটের এসব বিতর্ককে দূরে সরিয়ে রাখার জন্য খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোটা অনেক জরুরি বলে মনে করছেন মিসবাহ। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করে তোলার জন্য খেলোয়াড়দের একটা সমিতি অনেক ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এতে তারা তাদের চুক্তির বাধ্যবাধকতাগুলোও ভালোমতো বুঝতে পারবে। একবার চুক্তি স্বাক্ষর হয়ে গেলে সেটা নিয়ে অভিযোগ করার কিছু নেই। এসব নিয়ে মিডিয়াতে আলোচনা করাও ঠিক নয়।’এত কিছুর পরও এখনই অবসরের কথা একেবারেই ভাবছেন না ৩৭ বছর বয়সী মিসবাহ। আরও বেশ কিছুদিন খেলে যাওয়ার প্রত্যয়ই ঝরে পড়েছে তাঁর কণ্ঠে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, একজন ক্রিকেটার পরিণত অবস্থায় আসে ৩০ বছরের পর। আমার ক্ষেত্রেও এটাই ঘটেছে। কাজেই বয়সটা আমার জন্য কোনো বাধা নয়। যত দিন ভালো পারফরমেন্স দেখাতে পারব, তত দিন খেলে যাব।’ রয়টার্স।