পাকিস্তানের ৭ ক্রিকেটারকে আদালতে হাজিরের নির্দেশ
স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের সাত ক্রিকেটার, ক্রীড়ামন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আজ মঙ্গলবার সমন জারি করেছেন লাহোর হাইকোর্ট। পাকিস্তানের আইনজীবী ইশতিয়াক আহমেদের করা দেশদ্রোহের মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি আগামী ৭ সেপ্টেম্বর প্রত্যেককেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ, সালমান বাট ও কামরান আকমল ছাড়া আরও তিনজন লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অব দি ওয়ার্ল্ড’। অভিযুক্তদের প্রত্যেককেই আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো, এ সময় ক্রিকেটাররা দেশে থাকবেন না। কারণ ইংল্যান্ড সফরে পাকিস্তানের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর।গতকাল সোমবার ইশতিয়াক আহমেদ মামলা করার কারণ বলতে গিয়ে বলেন, ‘অভিযুক্ত এই খেলোয়াড়েরা দেশকে লজ্জিত করেছেন, দেশের সংবিধানকে অবমূল্যায়িত করেছেন। অপরাধ প্রমাণিত হলে তাঁদের আজীবন নিষিদ্ধ এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। টাইমস অব ইন্ডিয়া