পাকিস্তানের ‘এসিসি তদবির’ ব্যর্থ
পাকিস্তানের মানুষ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদবঞ্চিত প্রায় সাড়ে তিন বছর। ২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধই রয়েছে দেশটিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সে দেশে ক্রিকেট ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও আপাতত তাতে কোনো ফল মিলছে না। এ বছর বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে তা আর হয়নি। সম্প্রতি পুরো ব্যাপারটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শরণাপন্ন হয়। এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের সাফ জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে এসিসির কিছুই করার নেই।এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক বলেছেন, ‘সত্যিই এ ব্যাপারে এসিসির কিছুই করার নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ব্যাপার। এসিসির ডেভেলপমেন্ট কমিটির সভায় যোগ দিতে আশরাফুল হক এ মুহূর্তে ইসলামাবাদ সফর করছেন।এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, এ মুহূর্তে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো তাঁর নেতৃত্বাধীন কমিটির অগ্রাধিকার। তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদবঞ্চিত হয়ে আছে অনেক দিন হতে চলল। তাই আমরা এ মুহূর্তে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসাটা অগ্রাধিকার বলে মনে করছি।’পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে প্রাথমিকভাবে পাকিস্তানের লক্ষ্য এশিয়ার বাকি তিন টেস্ট খেলুড়ে দেশ। এ জন্য মূলত এসিসির মাধ্যমে পিসিবি তদবিরটা চালাতে চেয়েছিল। কিন্তু এসিসির প্রধান নির্বাহী নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়ার পর হয়তো দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লড়াইয়ে আরও একটি পরাজয় পিসিবিকে বরণ করে নিতেই হচ্ছে। ইএসপিএন।