পাকিস্তানের ‘ঘর’ হবে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ তো বাঘে-মহিষে একঘাটে জল খাওয়ার মতো ব্যাপার। পাকিস্তানের ‘ঘর’ হবে নাকি ভারতে! নিরাপত্তাজনিত কারণে বিদেশি দলগুলো পাকিস্তানে যেতে না চাওয়ায় পাকিস্তানকে ‘হোম’ সিরিজ খেলতে হচ্ছে পুরো ক্রিকেট-বিশ্ব ঘুরে। সেই ধারাবাহিকতায় এবার চিরশত্রু ভারতকেও ঘর বানাতে চাইছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটা খেলতে চায় ভারতের মাটিতে।আগস্টে ৫ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির সিরিজটা হওয়ার কথা ছিল আসলে শ্রীলঙ্কায়। কিন্তু ওই সময় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) হবে বলে দিন দশেক আগে অপারগতা জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এরপর থেকেই ‘ঘর’ খোঁজা শুরু করেছে পিসিবি। এর মধ্যেই আবার পিসিবি প্রধান জাকা আশরাফকে আইপিএলের ফাইনাল দেখতে আমন্ত্রণ জানায় বিসিসিআই। রোববারের ফাইনালটা দেখতে যাবেন আশরাফ। ভারতে হোম সিরিজ খেলা নিয়ে কথা বলবেন তখনই। অবশ্য আলোচনায় বেশি গুরুত্ব দেবেন দ্বিপাক্ষিক সিরিজ শুরুটাকেই, ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখায় এ পরিকল্পনাটা (ভারতে হোম সিরিজ খেলা) খারাপ না। দেখা যাক, ওখানে পরিবেশটা কেমন থাকে। তবে আমাদের মূল চাওয়া হবে দ্বিপাক্ষিক সিরিজ পুনরুজ্জীবিত করা। এ ছাড়া হোম সিরিজ নিয়ে অন্য তিনটি বিকল্পও আমাদের মাথায় আছে।’এই অন্য তিনটি বিকল্প মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে পিসিবির প্রথম পছন্দ ভারত। সময়ের বাস্তবতা হলো, বিসিসিআইয়ের সঙ্গে সুসম্পর্ক না থাকা মানে যেকোনো বোর্ডের ব্যাংক-ব্যালান্সে টান পড়া। সম্পর্ক উষ্ণ করার পথে একটা বড় পদেক্ষপ হবে, যদি ভারতকে ঘর বানাতে রাজি করাতে পারে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের একটি দলকে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলার অনুমতি দিয়েছে ভারত। এটাকে ইতিবাচক ধরে নিয়ে আলোচনা সফল হওয়া নিয়ে আশাবাদী আশরাফ, ‘আমরা ভারতের বিপক্ষে সিরিজ খেলার জন্য প্রস্তুত। আমরা দেখছি ভারত এখন অনেক ইতিবাচক এবং সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।’বিদেশে নিজের ঘর পাতার এই দুঃসময়ে পিসিবি সবচেয়ে বেশি পাশে পেয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। কিন্তু প্রচণ্ড গরম আর পবিত্র রমজান মাসের কথা ভেবে আরব আমিরাতকে এই সিরিজের জন্য বিবেচনা করেনি পিসিবি। তবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড কিন্তু দারুণ আগ্রহী। বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা দিলওয়ার মানি প্রস্তাব দিয়েছেন, সব ম্যাচ বিকেল চারটার পর শুরু করলেই গরমের সমস্যা এতটা থাকবে না। ভারত না করে দিলে তাই দুবাই-আবুধাবিকেও বিবেচনা করতে পারে পিসিবি। বহুল আলোচিত পাকিস্তান প্রিমিয়ার লিগ আয়োজন অবশ্য এ বছর না হওয়ার সম্ভাবনাই বেশি। পিসিবির ইচ্ছা ছিল অক্টোবরে টুর্নামেন্টটা আয়োজন করতে। টেন স্পোর্টস, জিয়ো টিভি, নিমবাসসহ আটটি কোম্পানি টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী হয়ে পিসিবিকে প্রেজেন্টেশন দেখিয়েছে। তবে সবগুলো কোম্পানিই ন্যূনতম ছয় মাস সময় চেয়েছে। আগামী বছর সুবিধাজনক সময়ে তাই পিপিএল আয়োজন করতে চায় পিসিবি। ওয়েবসাইট।