পাকিস্তানের ‘প্রিয়’ ইডেন গার্ডেন
চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় দিয়ে ভারত সফরের ওয়ানডে সিরিজের শুরুটা বেশ ভালোভাবেই করেছে পাকিস্তান। এবার ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাসে মেতে উঠতে পারবে মিসবাহ বাহিনী। আগামী ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে পাকিস্তানের প্রধান অনুপ্রেরণা হিসেবে থাকছে ইতিহাস। এর আগে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়ে তিনটিতেই জয় পেয়েছিল পাকিস্তান। এবারও কি ইডেন গার্ডেনে শেষ হাসিটা পাকিস্তানই হাসবে?ইডেনে ১৯৮৭ সালে কৃষ্ণমাচারি শ্রীকান্তের ১২৩ রানের দুর্দান্ত ইনিংসটি ম্লান হয়ে গিয়েছিল সেলিম মালিকের ৩৬ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংসটির কাছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানও পেয়েছিল ২ উইকেটের জয়। এরপর ১৯৮৯ সালে আবারও ইডেন গার্ডেনে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। এবার জয়ের জন্য পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় মাত্র ২০২ রানে। ২০০৪ সালের নভেম্বরে শেষবারের মতো ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্লাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত এই ম্যাচেও পাকিস্তান পেয়েছিল ৬ উইকেটের জয়। ১৯৮৯ সালে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত নেহরু কাপের ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।কলকাতায় পাকিস্তানকে হারের মুখ দেখতে হয়েছে মাত্র একবার। ১৯৯৭ সালের ইনডিপেনডেন্স কাপের দ্বিতীয় ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে শ্রীলঙ্কা পেয়েছিল ৮৫ রানের জয়। পরিসংখ্যানের বিচারে, ইডেন গার্ডেন যে পাকিস্তানের জন্য খুবই সাফল্যজনক একটা ভেন্যু, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবারও নিশ্চয় সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোরই প্রত্যাশা থাকবে পাকিস্তানের। অন্যদিকে ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার এড়ানোর সর্বোচ্চ চেষ্টাটাই করবে ভারত। এখন ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ হাসিটা কে হাসবে, সেটাই দেখার বিষয়।— টাইমস নিউজ নেটওয়ার্ক