পাকিস্তানের ‘হোম’ সিরিজ আমিরাতে
সংযুক্ত আরব আমিরাত অথবা জিম্বাবুয়ে—এই দুই দেশের যেকোনো একটিতে ‘হোম’ সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল পাকিস্তানের। দুই দেশের কারও আপত্তিও ছিল না। কিন্তু পাকিস্তান দ্বিধায় ছিল, খরচটা বেশি হয়ে যাবে না তো! সব দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে সিরিজ সম্ভব নয় বলে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজ আরব আমিরাতে আয়োজন করবে পাকিস্তান।‘শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজই চূড়ান্ত করেছি আমরা। সিরিজ দুটি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে’—করাচিতে সাংবাদিকদের বলেছেন পিসিবির পরিচালক জাকির খান।জাকির খান আরও বলেন, ‘এই দুটি সিরিজের জন্য বেশ কিছু অপশন বিবেচনায় ছিল আমাদের। শেষ পর্যন্ত উভয় সিরিজের সব কটি ম্যাচ আমিরাতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’ তিনি জানান, মধ্যপ্রাচ্যের দেশটিতে আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান। আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে এর আগেও সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। কিন্তু সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি কিন্তু তাদের নেই। এবার পাকিস্তান আবারও সিরিজ আয়োজনের জন্য যোগাযোগ করলে ‘দীর্ঘমেয়াদি’ চুক্তির শর্ত বেঁধে দেয় আমিরাত কর্তৃপক্ষ।২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়ে আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট-খেলুড়ে দেশগুলো। ওয়েবসাইট।