পাগুলে ব্যাটিংয়ের পাশে প্রাপ্তি সাকিব
যেভাবে ব্যাটিং করল বাংলাদেশ...কী বলবেন?স্টুয়ার্ট ল: কিছু বলব না।সন্ধ্যায় টিম বাস ধরার আগে কোচের মুখটা যথেষ্টই গম্ভীর। এই মুখে কোনো কথা থাকার কথাও নয়। যদিও একটু আগে ড্রেসিংরুমে দিয়ে আসা বক্তৃতায় দলের ‘ব্যাটিং অ্যাপ্রোচ’ নিয়ে কথা বলেছেন। টপ-অর্ডারের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন। টেস্ট ক্রিকেটে হুড়োহুড়ি মার্কা ব্যাটিং বিরক্তিই উৎপাদন করার কথা তাঁর অস্ট্রেলীয় মনে।৭-০-৪০-৫। ফিদেল এডওয়ার্ডসের এক স্পেলেই শেষ বাংলাদেশের টপ এবং মিডল-অর্ডারের ওপরের অংশ। তাই বলে এমন নয় যে, বিধ্বংসী এই স্পেলে খুব বিষাক্ত ছিল এডওয়ার্ডসের বল। দিন শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম সাদামাটা বোলিংয়ের সনদই তো দিলেন ক্যারিবীয় ফাস্ট বোলারকে! ‘জানতাম, এই উইকেটে ও এ রকম বলই করবে। শর্ট বল দেবে, সুইং থাকবে না। খুব যে অসাধারণ বল করছে তা নয়। খেলা কঠিন ছিল না। দুর্ভাগ্যজনকভাবে আমরা খেলতে পারিনি।’দুর্ভাগ্যজনক তো বটেই, কিন্তু ৫৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার কিছু তো কারণ আছে! দেশের মাটিতে বাংলাদেশ দল সর্বশেষ এমন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল এই মিরপুরেই। ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানে পড়েছিল ৫ উইকেট। সেবারও বাজে ব্যাটিংই ছিল বিপর্যয়ের কারণ, এবারও কি নয়?মুশফিক মানছেন না এই অভিযোগ। অধিনায়ক বাজে ব্যাটিংয়ের ছায়া দেখছেন শুধু নিজের এবং শাহরিয়ার নাফীসের আউট দুটোতেই, ‘আবির ভাই (শাহরিয়ার) আর আমি খুব বাজে শট খেলেছি। তবে তামিমের আউটটা দুর্ভাগ্যজনক। ক্যাচটা অনেক ভালো ছিল। এ ছাড়া রকিবুলেরটা সোজা বল ছিল, মিস হয়ে গেছে। আসলে একটা স্পেলের কারণেই সব হয়েছে। এ রকম উইকেটে পাঁচ ওভারে ৫ উইকেট পাওয়া খুব কঠিন।’বাংলাদেশি ব্যাটসম্যানদের পাগুলে ব্যাটিংয়ের সুযোগে সেই কঠিন কাজটাই করে ফেলেছেন এডওয়ার্ডস। দিন শেষের সংবাদ সম্মেলনে পরোক্ষে ধন্যবাদও দিলেন বাংলাদেশ ব্যাটসম্যানদের, ‘ব্যাটসম্যানরা যত বেশি শট খেলবে, উইকেটে পাওয়ার সম্ভাবনা তত বেশি। আমি তাই খুশি।’ অতিরিক্ত শট খেলার পক্ষে সাকিব আল হাসানের যুক্তিটা শুনলে অবশ্য মন খারাপ হতে পারে এডওয়ার্ডসের। টেস্ট ক্রিকেটের ব্যাটিং আরেকটু ধৈর্য দাবি করে স্বীকার করেও সাকিব যেন প্রতিপক্ষ বোলারদের খোঁচাই দিলেন, ‘তারা বাজে বল করেছে, তাই শট খেলেছি। আর শট খেললেই যে কম রানে আউট হয় তা নয়। ধরে খেললেও এটা হতে পারে।’নিজের কথার উৎকৃষ্ট উদাহরণ সাকিব নিজেই। ৭৪ বলে ৭৩ রান, বাউন্ডারি ৯টি! সাকিব ধরে খেললেন কই? তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও বিশুর লেগ স্পিনে বোল্ড হয়ে যাওয়াটা মানতে পারছেন না ওয়ানডের সেরা অলরাউন্ডার। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় শরীরী ভাষায় সেটা বুঝিয়েছেন। বলেছেন দিন শেষেও, ‘৫ উইকেট পাওয়ায় ভালো লাগছে, তবে সেঞ্চুরি করতে পারলে আরও ভালো লাগত। নিজের ওপর রাগ হচ্ছিল আউট হয়ে।’অবশ্য বল হাতে যা করেছেন, তাতে শুধু তৃপ্তই নন, সাকিবের একটা লক্ষ্য পূরণও হয়ে গেল কাল। চট্টগ্রামে প্রথম টেস্টের আগে বলেছিলেন, এই সিরিজে একটা ইনিংসে অন্তত ৫ উইকেট পেতে চান। ছাড়িয়ে যেতে চান সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককের দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট পাওয়ার রেকর্ড। ঢাকা টেস্টের আগে দুজনই ৭ বার করে ৫ উইকেট পেয়েছিলেন। কাল অষ্টমবারের মতো সেটি পেয়ে সাকিব ছাড়িয়ে গেছেন রফিককে। ‘৪ উইকেট পাওয়ার পর থেকেই মাথায় ঘুরছিল ব্যাপারটা...৫ উইকেট পেতে হবে। শেষ পর্যন্ত পাওয়ায় ভালো লাগছে’—স্টেডিয়াম ছাড়ার আগে বলে গেলেন দেশের সেরা বাঁহাতি স্পিনার।কাল পর্যন্ত ঢাকা টেস্টের সব প্রাপ্তিই সাকিবের হাত ধরে। দ্বিতীয় দিন শেষে টেস্টটা যে জায়গায়, আরও বড় প্রাপ্তির হাতছানি দেখছেন সাকিব, মুশফিক এমনকি কোচ স্টুয়ার্ট ল-ও। প্রথম ইনিংসের শেষ অঙ্কে টেলএন্ডারদের কাছে আর ৫০-৬০ রান চাচ্ছেন কোচ। রানটা যদি ঠেলেঠুলে ১০০ হয়ে যায়, তাহলে জয়টাও অসম্ভব নয়...। মাঠ ছাড়ার আগে মুশফিকের কথায় ড্রেসিংরুমে শুনে আসা কোচের কথারই প্রতিধ্বনি, ‘আমরা আর ৫০-৬০ রান করলে ওরা হয়তো ৮০-৯০ রানের লিড পাবে। উইকেট এখন স্পিনারদের জন্য খুবই ভালো। দ্বিতীয় ইনিংসে স্পিন দিয়ে ভালোভাবে শুরু করতে পারলে চতুর্থ ইনিংসে হয়তো টার্গেট ৩০০-র চেয়ে কিছু বেশি থাকবে। তাহলে ভালো সম্ভাবনা থাকে আমাদের...।’সম্ভাবনার হাত ধরে কত দূর যাবে বাংলাদেশ?