পাজ্জিনির হ্যাটট্রিকে মিলানের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে তাঁর বেশির ভাগ সময় কেটেছে বেঞ্চেই। ইন্টার মিলানের শুরুর একাদশে বলতে গেলে জায়গাই পাননি। বদলি হিসেবে পুরো মৌসুমে খেলে করেছিলেন মাত্র ৫ গোল। পরীক্ষিত আন্তোনিও কাসানোর সঙ্গে অদলবদল করে এমন একজন স্ট্রাইকারকে ঘরে তোলায় এসি মিলান সমর্থকেরা একটু হতাশ হয়েছিল বৈকি! তবে সেই হতাশা মুছে দ্রুতই মিলান সমর্থকদের আস্থা অর্জন করলেন জিয়ামপাওলো পাজ্জিনি। পরশুই প্রথম মিলানের প্রথম একাদশে নেমে ২৮ বছর বয়সী স্ট্রাইকার করেছেন হ্যাটট্রিক। মিলানও ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে বোলোনিয়ার মাঠ থেকে।জ্লাতান ইব্রাহিমোভিচকে বেচে দেওয়ায় এমনিতেই মিলানের আক্রমণভাগের ধার কমে গিয়েছিল। এরই মধ্যে গত সপ্তাহে কাসানোর সঙ্গে অদলবদল করে প্রতিদ্বন্দ্বী শিবির ইন্টার থেকে পাজ্জিনিকে নিয়ে আসে মিলান। নতুন ক্লাবের হয়ে পাজ্জিনি মাঠে নেমেছিলেন আগের রোববার সাম্পদোরিয়ার বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও। কিন্তু ৫৬ মিনিটে বদলি হিসেবে নেমে তেমন কিছু করতে পারেননি। উল্টো তাঁর মাঠে নামার দুই মিনিট পরই গোল খেয়ে বসে মিলান। আন্দ্রেয়া কোস্তার সেই গোলটাই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।এর পরও পরশু মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি পাজ্জিনির ওপর আস্থা রেখে তাঁকে নামান প্রথম একাদশে। ইতালিয়ান স্ট্রাইকার এর প্রতিদানে করলেন হ্যাটট্রিক। ১৬ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে মিলানকে এগিয়ে দেন প্রথম। যদিও পেনাল্টিটা ছিল বিতর্কিত, রিপ্লে দেখিয়েছে বোলোনিয়ার ডিফেন্ডার চেরুবিনের সঙ্গে জার্সি টানাটানি করে পড়ে যান পাজ্জিনি। বোলোনিয়া অবশ্য ৪১ মিনিটে এই গোল শোধ করে দেয় পেনাল্টি থেকেই। কিন্তু ম্যাচের শেষ দিকে দেখা গেল পাজ্জিনি-জাদু। ৭৭ ও ৮৫—আট মিনিটের মধ্যে দুই গোল করে মৌসুমে মিলানের প্রথম জয় নিশ্চিত করেন পাজ্জিনি। রয়টার্স।