পাঞ্জাবের জয়রথ ছুটছেই

এবার আইপিএলে পাঞ্জাবের জয়রথ ছুটছেই। পাঞ্জাবকে আটকায় সাধ্য কার! কলকাতাকে ১৩৩ রানের লক্ষ্য দিয়েও ২৩ রানে ম্যাচ জিতে তবেই ফিরেছে জর্জ বেইলির দল। আইপিএলে চার ম্যাচে ৪ জয় নিয়ে পাঞ্জাবের অবস্থান শীর্ষে।
পাঞ্জাবের দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে কলকাতা খেলতে নামলে গ্যালারিতে এক দর্শক প্ল্যাকার্ড উঁচিয়ে দেখালেন—‘গম্ভীর প্লিজ ওপেন ইওর অ্যাকাউন্ট’। দর্শকের এমন আকুতির কারণ আছে। এ ম্যাচের আগ পর্যন্ত আইপিএলে রানের খাতাই খুলতে পারেননি কলকাতা অধিনায়ক! প্রথম তিন ম্যাচেই ‘ডাক’! গম্ভীরের অবস্থা এতটাই শোচনীয়, আজ সন্দীপ শর্মার প্রথম বলেই তুলে দিলেন ক্যাচ! মনে হচ্ছিল, তাঁর কাছে ব্যাট করার মতো কঠিন কাজ এ পৃথিবীতে নেই! গম্ভীরের ভাগ্য সুপ্রসন্ন, সন্দীপ ক্যাচটা নিতে পারলেন না। এরপর খুব কষ্টে এক রান করলেন। যাক বাবা, ‘ডাকের ফাড়া’ অন্তত কেটেছে, এমন ভেবেই কিনা ওই সন্দীপের বলেই প্যাটেলের হাতে ক্যাচ তুলে দিয়ে দ্রুতই ফিরলেন প্যাভিলিয়নে। সঙ্গে কলকাতার জয়টাও ছুড়ে দিয়ে এলেন।
১৩৩ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই কলকাতার ব্যাটসম্যানরা সব তালগোল পাকিয়ে ফেললেন। কেবল সুরিয়াকুমার যাদব কিছুটা নিঃসঙ্গ লড়াই চালালেন। সন্দীপের বলে ফেরার আগে এ ডানহাতি করলেন ১৭ বলে ৩৪। কলকাতার খুড়িয়ে চলা ইনিংসটা ১০৯ রানে থামল। হারল ২৩ রানে।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ করে পাঞ্জাব। সর্বোচ্চ ৩০ বলে ৩৭ করেন বীরেন্দর শেবাগ। কলকাতার বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঞ্জাবকে ১৩২ রানে আটকাতে পারলেও ব্যাটিং ব্যর্থতা ডোবাল কলকাতাকে।