পাঞ্জাবের রাজকুমার যখন রিয়াজ
লো ফুল টস ছিল। অন্য সময় হলে যুবরাজ সিং বলটিকে পাঠিয়ে দিতেন গ্যালারিতে। কিন্তু নির্বিষ ফুল টস সেটি নয়। খানিকটা বাঁক খেয়ে বল ঢুকে গেলে ভেতরে। আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে লাইনে ধোঁকা খেয়ে গেলেন যুবরাজ। প্রথম বলেই আউট বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল ক্রিকেটারটি। পর পর দুই বলে দুই ব্যাটসম্যানকে হারানো ভারতের মিডল-অর্ডারে তখন সুনামির আঘাত!আর তিনি, সব সময়ই ছায়ার আড়ালে থাকা ওয়াহাব রিয়াজ দুই পাশে দুই হাত মেলে উড়ছেন। সবটুকু আলো তখন তাঁরই ওপর। অনুচ্চারে একটা ঘোষণাও হয়তো দিয়ে দিলেন এই বাঁহাতি। পাঞ্জাব শুধু যুবরাজের রাজ্য নয়; তিনিও পাঞ্জাবের রাজকুমার। এপার পাঞ্জাবে যুবরাজের জন্ম হতে পারে; ওপার পাঞ্জাবে জন্ম তো রিয়াজের। যে পাঞ্জাব থেকে উঠে এসেছেন ক্রিকেটের সর্বকালের সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম।রিয়াজও বাঁহাতি। কাল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে নিজেকে নতুন করে চেনানো এই ২৫ বছর বয়সীর সঙ্গে স্বাভাবিকভাবেই অনেকেই আকরামের তুলনা শুরু করবে। সেই তুলনার যথার্থতা নিয়ে প্রশ্নও উঠতে পারে। তবে রিয়াজ কিন্তু একদিক দিয়ে ছাড়িয়ে গেলেন সব পাকিস্তানি বোলারকে।বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো পাকিস্তানি বোলার এত দিন ম্যাচে ৫ উইকেট নিতে পারেননি। এর আগে সেরা বোলিং ছিল ১৯৯২ বিশ্বকাপে মুশতাক আহমেদের ৩/৫৯। কাল ৪৬ রানে ৫ উইকেট নিলেন রিয়াজ। বিশ্বকাপে সব দেশ মিলে ভারতের বিপক্ষে তৃতীয় সেরা বোলিং। মাহাত্ম্য আরও বেড়ে যাচ্ছে এই তথ্যে, রিয়াজের আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র পাঁচ বোলারের।সবচেয়ে বড় মাহাত্ম্য তাঁর উইকেটগুলোয়। বীরেন্দর শেবাগের তাণ্ডবে ঝোড়ো শুরু করেছিল ভারত। পাকিস্তানের মূল স্ট্রাইক বোলার উমর গুল এদিন ছিলেন রানপ্রসবা। গুলের দ্বিতীয় আর ইনিংসে তৃতীয় ওভারেই ৫টি চার! বোলিংয়ে এদিন যেন ধার কমে গেল শহীদ আফ্রিদিরও। বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা আফ্রিদি এদিন ৪৫ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম ১৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলে ফেলা ভারত যে শেষ পর্যন্ত ২৬০ রানে আটকে গেল, সেটি রিয়াজ বিরুদ্ধস্রোতে দাঁড়িয়ে গিয়েছিলেন বলেই।শেবাগের ঝড় থামালেন কে? রিয়াজ। কোহলি-যুবরাজকে আউট করে হ্যাটট্রিকের সামনে দাঁড়ালেন কে? রিয়াজ। শেষ প্রতিরোধ আসতে পারত যাঁর ব্যাটে, সেই মহেন্দ্র সিং ধোনিও ফিরে গেলেন ২৫ রান করে। এবারও রিয়াজ। ভারতে প্রথম ছয় ব্যাটসম্যান, যাঁদের কারণে এত লম্বা দেখায় তাদের ব্যাটিং লাইনআপ, এর চারজনই রিয়াজের শিকার। এর পর জহির খানকে ফিরিয়ে দিয়ে সেজদা। এত দিন যাঁর ক্যারিয়ার-সেরা বোলিং ছিল ৩/২২; সেমিফাইনালের মতো চাপের ম্যাচে, যেদিন স্নায়ুচাপের কারণে গোটা চারেক ক্যাচ ফেলার দিনে তাঁর ৫ উইকেট!শুধু সেমিফাইনালের চাপ? অদৃশ্য চাপ হয়ে কি থাকেননি শোয়েব আখতারেরও? শোয়েবের জায়গায় খেলছেন একাদশে। বিশ্বকাপে আগের চার ম্যাচ মিলে মাত্র ৩ উইকেট। পুরো পাকিস্তানে যেন দাবি উঠে গেল, রিয়াজের বদলে শোয়েবকে ফেরাও। যে দাবিতে আকরাম-রমিজ রাজাদের মতো সাবেকেরা তো বটেই; যোগ দিলেন উমর গুল-ইন্তিখাব আলমরাও!ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নিয়ে রিয়াজ বুঝিয়ে দিলেন, আস্থা রাখা যায় তাঁর ওপরও। আফসোস, ম্যাচটা জেতা হলো না তাঁর।