পাঞ্জাবের লক্ষ্য ১৭৮ রান
টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো পারফরমেন্সের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবকে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক রাহুল দ্রাবিড় খেলেছেন ৪৬ রানের চমত্কার ইনিংস। পাঞ্জাবের পক্ষে দুর্দান্ত বোলিং করে ৩৪ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নিয়েছেন রায়ান হ্যারিস।টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মারমুখী ওপেনার আজিনকা রেহানের উইকেট হারিয়েছিল রাজস্থান। তবে দ্বিতীয় উইকেটে মাত্র ৩৯ বলে ৬৯ রানের ঝোড়ো জুটি গড়ে সেই ধাক্কা ভালোমতোই সামলে নিয়েছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড় ও শেন ওয়াটসন। অষ্টম ওভারে ওয়াটসন ৩৬ রান করে বিদায় নেওয়ার পর অশোক মেনারিয়াকে সঙ্গে নিয়ে আবার ৪১ রানের জুটি গড়ে তোলেন দ্রাবিড়। দলীয় ১১৭ রানের মাথায় রায়ান হ্যারিসের শিকারে পরিণত হয়ে ফিরে যান রাজস্থানের অধিনায়ক। শেষ পর্যায়ে ব্রাড হজের ৩৬ রান ও ইয়োহান বোথার অপরাজিত ১৪ রানের সুবাদে স্কোর বোর্ডে ১৭৭ রান যোগ করেন তাঁরা।