পাঞ্জাবের সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বল হাতেই জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। মাত্র ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা ঘাম ঝরাতে হয়নি পাঞ্জাবের ব্যাটসম্যানদের। ১২.২ ওভার ব্যাটিং করে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। ২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মনন ভোহরা। ৩১ রান করেছেন মানদিপ সিং।১০০ রানের অনায়াস লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের উইকেট হারায় পাঞ্জাব। দ্বিতীয় উইকেটে ৫৮ রান সংগ্রহ করে দলের জয় নিশ্চিত করে ফেলেন মানদিপ সিং ও মনন ভোহরা। দশম ওভারে এই জুটি ভাঙতে সক্ষম হন রাহুল শর্মা। ৩১ রান করে ফিরে যান মানদিপ। বাকি কাজটা আর কোনো উইকেট না হারিয়েই সেরে ফেলেন মনন ভোহরা ও ডেভিড হাসি। ৮ উইকেটের অনায়াস জয় পায় পাঞ্জাব। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পুনে ওয়ারিয়র্স। সেই সঙ্গে রানের চাকা ঘোরাতেও রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুনের ব্যাটসম্যানদের। প্রথম ১০ ওভারে পুনের স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৩৮ রান। সাজঘরে ফিরেছিলেন প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। তাঁদের মধ্যে ওপেনার রবিন উথাপ্পা ১৯ রান করেছিলেন। দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি মনিশ পান্ডে, তিরুমালাসেতি সুমন, মারলন স্যামুয়েলস ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সপ্তম উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রানের জুটিটা গড়েন শন মার্শ ও অভিষেক নায়ার। ইনিংসের ১৭তম ওভারে ১৫ রান করে ফিরে যান মার্শ। নায়ার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ রান করে। ৮ রান এসেছে ভুবনেশ্বর কুমারের ব্যাট থেকে।