পাঠক মেলায় পাঠকের আনন্দ-দুপুর

মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেসমিন সুলতানা। জাতীয় দলের ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ককে পাওয়া গেল বাংলা একাডেমিতে। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পাঠক সমাবেশে এসেছিলেন জেসমিন। বাস্তবের মাশরাফির দেখা মেলেনি। কিন্তু মাশরাফির কাট আউটের দেখা পেয়েই সে কী উচ্ছ্বাস জেসমিনের!
শুধু জেসমিন নন, হাজারো পাঠক আজ সকাল থেকে ভিড় জমিয়েছিল প্রথম আলোর খেলার পাতার স্টলে। পাঠকেরা খেলার পাতা নিয়ে করলেন নানা রকমের মন্তব্য। স্টলের সামনে যেন এক টুকরো স্টেডিয়াম বানানো হয়েছিল। ছিল ফুটবল মাঠ, গলফ কোর্স, ক্রিকেটের পিচ। প্রথম আলোর খেলার পাতার এসব পাঠকেরা লাইন ধরে দাঁড়িয়ে রইলেন একটুখানি খেলার সুযোগের জন্য। কেউ কেউ টেনিস বল দিয়ে প্লাস্টিকের উইকেট ভাঙার চেষ্টায় করলেন। কেউ আবার গলফ খেলতে ব্যস্ত হয়ে পড়লেন।
২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার আবদুল্লাহ হেল বাকিও রাইফেল রেখে হাতে তুলে নিলেন গলফের ক্লাব। তা মন্দ করেননি এই শুটার। এক শটেই হোলে বল ফেললেন!
শুধু পাঠকেরাই নন, ক্রীড়া বিভাগের স্টল মাতাতে এসেছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ। এসেছিলেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক ও আবদুল জলিল ও জিয়াউর রহমান। শ্রীলঙ্কায় সদ্য শেষ হওয়া দক্ষিণ এশিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপে দুই সোনাজয়ী তরুণ সাঁতারু আরিফুল ইসলামকে সঙ্গে করে এসেছিলেন জাতীয় দলের কোরিয়ান কোচ পার্ক তে গুন। এসেছিলেন সহকারী কোচ কাজী মনিরুল ইসলামও।
পাঠকের জন্য স্টলের সামনে ছিল নানা রকম আয়োজন। বিভিন্ন মন্তব্য করার পাশাপাশি তারা জিতে নিয়েছেন বিভিন্ন উপহার কুপন।
ক্রীড়া বিভাগের স্টলের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ধারাভাষ্য দেওয়া। পাঠকের মধ্যে অনেকেই এসে ক্রিকেট ও ফুটবল ধারাভাষ্য দিয়ে স্টল ও এর আশপাশের এলাকা মাতিয়ে রাখলেন। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজের ইংরেজি ধারাভাষ্য দিয়ে সবাইকে মাত করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ আহমেদ। এরপর একে একে আসেন বাংলা ধারাভাষ্য দিতে সোলায়মান রাকিব, মাহমুদুর রহমান। সোলায়মান বরিশালের আঞ্চলিক ভাষায় ক্রিকেট ধারাভাষ্য দেন। মাহমুদুর রহমান ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের মজার ধারাভাষ্য দেন দিনাজপুরের আঞ্চলিক ভাষায়। নোয়াখালীর ভাষায় দেন হাসান মাহমুদ।
স্টলে রাখা বাঁশের বাঁশি, প্লাস্টিকের খেলনা নিয়ে মেতে ওঠে শিশুরা। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত বেশ মজা করেই পাঠক উপভোগ করছে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর এই উৎসব। আপনিও চলে আসুন না বাংলা একাডেমিতে। মেতে উঠুন খেলার আনন্দে। পাঠক সমাবেশের আনন্দে। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।