পাঠান-ঝড়ে দুইয়ে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেনে আজ উঠেছিল পাঠান-ঝড় ছবি: ক্রিকইনফো
ইডেনে আজ উঠেছিল পাঠান-ঝড় ছবি: ক্রিকইনফো

কলকাতার ইডেন গার্ডেনে আজ ঝড় তুলেছিলেন ইউসুফ পাঠান। মাত্র ২২ বলে ৫ চার আর সাত ছয়ে গড়া তাঁর ৭২ রানের ইনিংসের ওপর ভর করেই সানরাইজারর্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে আইপিএলে আরও একটি জয় তুলে নিয়েছে কলকাতা নাইটরাইডার্স।
আজকের এই জয়কে ‘আরও একটি জয়’ বললে বোধহয় কলকাতার প্রতি একটু অবিচারই হয়ে যায়। ম্যাচের আগে যে সমীকরণটি তাদের লিড় টেবিলে দ্বিতীয় স্থানের হাতছানি দিয়েছিল, দারণভাবে সেই সমীকরণের সমাধান করেই লক্ষ্যটা অর্জন করে নিয়েছে তারা।
সমীকরণটি ছিল সানরাইজার্সের দেওয়া লক্ষ্যমাত্রাকে ১৫.২ ওভারে টপকে যাওয়া। সেই লক্ষ্যে আজ কলকাতার তুরুপ ছিলেন ওই ইউসুফ পাঠানই। ডেল স্টেইনের এক ওভারে তিনি যে মূর্তি ধারণ করলেন, প্রোটিয়া ফাস্ট বোলারকে তখন মনে হচ্ছিল পাড়ার কোনো বোলার। ৩টি চার ও ২টি ছয়ে তাঁর এক ওভার থেকে ২৬ রান তুলে নিয়ে পাঠান ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন। শেষ অবধি তাঁর ব্যাট কথা বলেছে অবিশ্বাস্য ৩২৭.২৭ স্ট্রাইকরেটে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানটি যেন পারফরম্যান্সের জোরে এক প্রকার কিনেই নিলো কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে সানরাইজার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নাইটরা। পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটের বিনিময়ে সানরাইজার্স স্কোরবোর্ডে তুলতে পারে ১৬০ রান। তারা নিজেদের সংগ্রহকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারেনি মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায়। সানরাইজার্সের ইনিংসে কোনো বড় সংগ্রহ নেই। শিখর ধাওয়ানের ২৯, নামান ওঝার ২৬, বেনুগোপাল রাওয়ের ২৭ আর ড্যারেন স্যামির ২৯ রানের ওপর ভর করেই শেষ পর্যন্ত মোটামুটি একটা লড়িয়ে সংগ্রহ তাদের। মূল ভরসা ডেভিড ওয়ার্নার ফেরেন ১ রান করেই।
কলকাতার পক্ষে এবি মরকেল, সাকিব আর হাসান, বিনয় কুমার ও রায়ান টেন ডাসকেট তুলে নেন একটি করে উইকেট। সাকিব তাঁর ৪ ওভারে খরচ করেন মাত্র ২৫ রান।
বল হাতে সাকিব সফল হলেও ব্যাট হাতে আজ ভালো কিছু করতে পারেননি। কিন্তু ইউসুফ পাঠানের ঝড় আজ ঢেকে দিয়েছে অন্য সকলের ব্যর্থতা। শুরুটা অবশ্য দারুণ করেছিলেন রবিন উথাপ্পা। ৩০ বলে তাঁর সংগ্রহ ৪১ রান। এছাড়া গৌতম গাম্ভীরের ২৮ রানও পাঠান-ঝড়ের ভিত্তি তৈরি করতে দারুণ ভূমিকা রাখে।
ইউসুফ পাঠানের ইনিংসটির কথাতো বলাই হয়েছে। শেষ দিকে সুরিয়াকুমার যাদবের ছোট্ট ইনিংসটিও ভুলে যাওয়ার মতো নয়। মাত্র ৫ বলে তাঁর ১২ রানই ১৫.২ ওভারের লক্ষ্যটি পূরণ করে দেয় কলকাতার। সূত্র: সনি সেট ম্যাক্স।