পাঠান ঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড
ইউসুফ পাঠান বরাবরই মারমুখী। তাই বলে এতোটা! হ্যা, এই ব্যাটসম্যান কতোটা আগ্রাসী হতে পারেন তা আজ হাড়ে হাড়ে টের পেয়েছেন ডেনিয়েল ভেট্টোরিরা। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার একটা সুযোগ এসেছিল, কিন্তু ঝড়ো গতিতে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডকে সেই বৃত্তেই আটকে দিয়েছেন পাঠান!আগের তিনটি ম্যাচের মতো চতুর্থ ম্যাচেও হেরেছে নিউজিল্যান্ড। কিন্তু চিত্রটা ছিল ভিন্ন। ফ্রাঙ্কলিনের অপরাজিত ৯৮ রানের উপর ভর করে ৩১৫ রান তুলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল নিউজিল্যন্ড। কিন্তু সফরকারীদের সেই স্বপ্ন মাটি-চাপা দিয়েছেন পাঠান একাই! হার না মানা ১২৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে সাত বল বাকি থাকতেই পাঁচ উইকেটের জয় এনে দিয়েছেন এই ব্যাটসম্যান।৩১৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ভারতের। উদ্বোধনী জুটিতে গৌতম গম্ভীর ও পার্থিব প্যাটেল এনে দেন ৬৭ রান। ২৭ রান করে ম্যাকাইয়ের শিকার হন গম্ভীর। আর ২০০৪ সালের জুলাইয়ের পর প্রথম মাঠে নামার সুযোগ পাওয়া প্যাটেল করেন ৫৩ রান।এক পর্যায়ের ১০৮ রানে চার উইকেট হারায় ভারত। নিউজিল্যন্ড তখন স্বপ্ন দেখছে সিরিজের প্রথম জয় পাওয়ার। কিন্তু স্বপ্ন দেখলেই হলো! ইউসুফ পাঠানোর ৯৬ বলে অপরাজিত ১২৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত হারই সঙ্গী নিউজিল্যান্ডের। তাণ্ডব চালানো ইনিংসে পাঠান হেঁকেছেন ৭টি করে চার ও ছয়ের মার! ক্রিকইনফো।