পাতলা হাওয়ায় ভাসছে প্যারাগুয়ের বিশ্বকাপ-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় গত ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে নিজেদের লাতিন আমেরিকার নতুন ফুটবল শক্তি বলেই ঘোষণা দিয়েছিল প্যারাগুয়ে। কিন্তু কয়েক বছর পরই দৃশ্যপট পাল্টে গেছে। এবার তারা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে অংশ নিতে পারবে কি না, তা নিয়েই শুরু হয়েছে সংশয়। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে নিজেদের অস্তিত্ব নিশ্চিত করতে সমুদ্রপৃষ্ঠের ৩,৬০০ মিটার উপরে জোর অনুশীলন চালাচ্ছেন প্যারাগুয়ের ফুটবলাররা। কারণ আগামী ৯ জুন বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় তাঁদের বলিভিয়ার মুখোমুখি হতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় অবস্থিত লা পাজের পাতলা হাওয়ার মধ্যে। এই ম্যাচের ওপর অনেকখানি নির্ভর করছে প্যারাগুয়ের বিশ্বকাপ খেলার স্বপ্ন।বিশ্বকাপের বাছাই পর্বের শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি প্যারাগুয়ে। এখন পর্যন্ত চারটি ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে তারা। ড্র করেছে একটি ম্যাচে। আর বাকি দুটি ম্যাচে হারের স্বাদ পেয়ে পয়েন্ট তালিকায় প্যারাগুয়ের অবস্থান ৭ নম্বরে। লাতিন আমেরিকার এই শক্তিশালী অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। সমানসংখ্যক ৭ পয়েন্ট নিয়ে প্রথম তিনটি স্থান দখল করে রেখেছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। এখন ইকুয়েডর, চিলি, কলম্বিয়ার মতো শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চূড়ান্ত আসরে জায়গা করে নেওয়ার জন্য প্যারাগুয়েকে যে ভালোই ঘাম ঝরাতে হবে, তা সহজেই অনুমান করা যায়। কোচ ফ্রান্সিসকো আর্চ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমরা শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারিনি। বলা যায়, খুবই খারাপ হয়েছে। তবে এখনো আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আর আমরা বাছাই পর্বটা পেরোনোর কথাই ভাবছি।’ রয়টার্স।