পাতানো খেলবে না শেখ জামাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশ যত দিন বাঁচবে, পৃথিবী যত দিন থাকবে, সবার সহযোগিতা পেলে ঠিক তত দিনই পথ চলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হারলেও কখনো পাতানো খেলা খেলব না আমরা। সব ক্লাব কর্মকর্তাকে বলব, দয়া করে আপনারা পাতানো খেলার পথে যাবে না।’দুটি বক্তব্যই শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের সভাপতি মনজুর কাদেরের। কাল দুপুরে ঢাকার একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শেখ জামালের নামে ধানমন্ডি ক্লাবের নামকরণ করার পর নবযাত্রায় এটিই তাদের প্রথম সংবাদ সম্মেলন।এবার বাংলাদেশ লিগে খেলার ছাড়পত্র আদায় করে নবাগত দলটি আমিনুল, এমিলি, এনামুল, সুজন, ওয়ালি ফয়সালসহ দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে সেরা দল গড়েছে। বিকেএসপিতে এশিয়াডগামী অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন ক্যাম্প থেকে ছুটি নিয়ে সেই খেলোয়াড়দেরও কালকের সংবাদ সম্মেলনে নিয়ে আসা হয়। ছিলেন ফুটবল দলের দুই সার্বিয়ান কোচ। প্রথম বিভাগে খেলা ক্লাবের ক্রিকেট দলও ছিল। ফুটবল, ক্রিকেট ছাড়াও এবার মহিলা ফুটবল দলও গড়েছে শেখ জামাল। ক্লাব কর্মকর্তা ও বিদেশি কোচদের পরিচয় করিয়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনে। তবে ফুটবলারদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি।ক্লাব-সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঞ্চেই বসেছেন ১০ জন কর্মকর্তা। তাঁদের অনেকেই ধনাঢ্য ব্যবসায়ী। ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, বিটিআরসির চেয়ারম্যান ও ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান জিয়া আহমেদসহ আরও অনেকেই বক্তব্য দিলেও মূল বক্তা ছিলেন ক্লাবের সভাপতি মনজুর কাদের। তাঁর দেওয়া লিখিত বক্তব্যে ধানমন্ডি ক্লাবের প্রায় ৫০ বছরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার সঙ্গে ফুটবল, ক্রিকেট নিয়ে ক্লাবের নতুন যাত্রার শুভকামনা করা হয়েছে। ফুটবল দলের জন্য ৩-৪ কোটি বাজেট করা হয়েছে বলে জানান ক্লাবের সভাপতি। ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা আছে তাদের। আবাহনী-মোহামেডানের প্রসঙ্গ টেনে তাঁর কথা, ‘এই দুই দলেরই জার্সির ওজন অনেক। কাজেই আমরা নিজেদের এগিয়ে রাখছি না। সব দলকেই সমান মনে করি।’ধানমন্ডি ক্লাবের মাঠ দখল করার অভিযোগ নিয়ে ক্লাব সভাপতির দাবি, ‘প্রায় ৫০ বছর ধরে ব্যবহার করার সূত্রে এই মাঠ ধানমন্ডি ক্লাবের। দেয়াল তুলে এখন এটিকে সুরক্ষা দিয়ে ভালো একটা মাঠ হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তবে টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, শুধু এলাকার বাচ্চারাই এখানে খেলতে পারবে। আমরা এখানে পান-বিড়ির দোকান করে ভাড়া দিয়ে ব্যবসা করব না।’সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচ বললেন, ‘সেরা ফল করতে আমরা আমাদের সর্বোচ্চটাই দেব। সহকারী (ট্রেনার) বার্বারের কথা, ‘আশা করি, ভালো করব আমরা।’ ২৭ সেপ্টেম্বর অনুশীলন শুরু করবে তারকায় ঠাসা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আসল পরীক্ষাটা তাদের দিতে হবে মাঠেই।আবাহনীর কোচ: আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোর মুসলিমি আজ ঢাকায় আসছেন।