পাতানো খেলার কথা শুনেই রেগে আগুন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের দলবদলে কাল খেলোয়াড় নিবন্ধন করে বাফুফেতে সংবাদ সম্মেলন করছিল শেখ জামাল ধানমন্ডি। একপর্যায়ে প্রথম আলোর প্রতিবেদক শেখ জামালের সভাপতি মনজুর কাদেরকে পাতানো খেলাসংক্রান্ত প্রশ্ন করতে শুরু করলে তিনি তেলেবেগুনে জ্বলে ওঠেন। প্রশ্নটা ছিল এই রকম, গত দুই মৌসুমই শেখ জামালের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ ছিল। নতুন মৌসুমে কি দলটা অভিযোগমুক্ত থাকবে? মনজুর কাদের প্রশ্নটা শেষ করতে না দিয়ে পাতানো শব্দটা শুনেই রেগে আগুন হয়ে উল্টো প্রশ্নকর্তাকে বলেন, ‘আপনি অলওয়েজ শেখ জামালের এগেনস্টে খোঁচান। আপনার পছন্দ অনুযায়ী তো আমরা টিম করব না।’ প্রথম আলো ও ডেইলি স্টার-এর নাম উল্লেখ করে তিনি তাঁর দলের বিরুদ্ধে এই দুটি পত্রিকা লেগে আছে বলে বিষোদ্গার করেন। বারবার প্রশ্নটা শোনার পর উত্তর দিতে না চাইলে দেবেন না বলার পরও তিনি বলতে থাকেন, ‘প্রতিবছর আমরা ৫ কোটি টাকা দিয়ে টিম করি। ইউ শুড (প্রতিবেদক) এনকারেজ দ্য ফুটবল।’ এরপর যোগ করেন, ‘আপনার মালিককে (প্রতিবেদক) বলেন আমাদের কিছু টাকা দিতে।’মনজুর কাদের আঙুল উঁচিয়ে অনেকটা ধমকের সুরে কথা বলেন প্রতিবেদকের সঙ্গে। তাচ্ছিল্যের সঙ্গে জানতে চান, ‘আপনার নাম কী?’ পরে নিজেই প্রতিবেদকের নাম উচ্চারণ করে কথা বলেন। উল্লেখ্য, ২০১০-১১ মৌসুমে বাংলাদেশ লিগে রহমতগঞ্জের সঙ্গে পাতানো খেলার অপরাধে শেখ জামালকে ২০ লাখ টাকা আর্থিক জরিমানা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত মৌসুমেও লিগের শেষ দিকে শেখ জামাল-ব্রাদার্স ম্যাচটা ছিল প্রশ্নবিদ্ধ। ওই ম্যাচটা পাতানো ছিল কি না, সেই তদন্ত করছে বাফুফে। যদিও তদন্তের কিছুই দৃশ্যমান নয়। অথচ লিগ শেষ হয়েছে প্রায় তিন মাস আগে। পাতানো খেলা নিয়ে প্রশ্ন করতেই শেখ জামাল সভাপতির উষ্মা প্রকাশ খেলোয়াড়-সাংবাদিক সবাইকেই বিস্মিত করেছে। শেখ জামালের গা থেকে পাতানো খেলার গন্ধটা কিন্তু মুছে যায়নি। শেখ জামাল পাতানো খেলার অভিযোগে শাস্তি পায়নি, এটা কি অস্বীকার করতে পারবেন মনজুর কাদের?