পাতানো খেলার শাস্তি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দেশে পাতানো ম্যাচ খেলার শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যতিক্রম। বাংলাদেশের পেশাদার ফুটবল লিগে অনেক পাতানো ম্যাচের অভিযোগ উঠলেও নানা অজুহাতে বাফুফে কোনো ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি। তবে গত মাসে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে একটা ম্যাচ পাতানো হয়েছে বলে প্রমাণ পেয়ে দুই দলকেই শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী ধাপে বিচার-প্রক্রিয়ায় ত্রুটি দেখানো হয়েছে, যার অর্থ শৃঙ্খলাবিষয়ক কমিটির শাস্তি বাতিল!সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ওয়ারী-বাড্ডা ম্যাচ হয়েছিল গত ১৬ জুলাই। ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির শৃঙ্খলাবিষয়ক কমিটি এই ম্যাচ পাতানো বলে সাব্যস্ত করে। ম্যাচটি বাতিল, দুই দলেরই অর্জিত পয়েন্ট থেকে ১ পয়েন্ট কর্তন এবং দুই দলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে উদাহরণ তৈরি করেছিল শৃঙ্খলা কমিটি। কিন্তু বাফুফের আপিল কমিটিতে দুই দল আপিল করলে পাল্টে যায় সবকিছু। ফুটবলের বাইরের অঙ্গনের ব্যক্তিদের নিয়ে গড়া ৫ সদস্যের আপিল কমিটির চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে কালকের সভা মনে করে, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলাবিষয়ক কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে। সে হিসাবে এই কমিটির সভা হওয়ার কথা ১৮ জুলাই। কিন্তু সভাটা হয়েছে পরদিন। এটা বাইলজের পরিপন্থী। এ ছাড়া শৃঙ্খলাবিষয়ক কমিটি রেফারি, সহকারী রেফারিদের বক্তব্য নেয়নি। তাই আপিল কমিটির দৃষ্টিতে বিচার-প্রক্রিয়া সঠিক হয়নি! সেজন্যই আপিল কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী ওয়ারীর বিপক্ষে ৩-২ গোলে জয়ী বাড্ডার পুরো পয়েন্ট পাওয়ার কথা। তবে ম্যাচটা পাতানো ছিল কি না, সে ব্যাপারে আপিল কমিটি কোনো মন্তব্য করেনি।শৃঙ্খলাবিষয়ক কমিটির চেয়ারম্যান বাফুফের সাবেক সহসভাপতি আবদুর রহিম এই খবর জেনে বললেন, ‘শাস্তি বাতিল করা ঠিক হয়নি।’ কেন হয়নি, দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘মাঠে মারামারি, লাল কার্ড ইত্যাদি কারণে গন্ডগোল হলে রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তি দিতে হবে। তবে পাতানো খেলার ব্যাপারে বলা আছে, শৃঙ্খলাবিষয়ক কমিটি যদি মনে করে ম্যাচটা পাতানো, তাহলে কমিটি শাস্তি দিতে পারবে। এখানে সময়সীমা বলা নেই। কাজেই ৪৮ ঘণ্টার যুক্তি দেখিয়ে শৃঙ্খলাবিষয়ক কমিটির শাস্তি বাতিল অগ্রহণযোগ্য। আমি নিজে এবং সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তা মাঠে থেকে সেদিন দেখেছি, ওই ম্যাচটা সত্যিই পাতানো ছিল।’