পাতানো না খেলার অঙ্গীকার বিজেএমসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার গায়ে ‘বার্সেলোনার’ জার্সি। পার্থক্য বলতে বুকের মাঝখানে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) লোগো। যদিও এটা তাদের মূল জার্সি নয়, অনুশীলনের জার্সি পরেই কাল সন্ধ্যায় টমটমে চড়ে বাদ্য বাজিয়ে, ড্রামের তালে তালে আনন্দ করতে করতে ফুটবল ফেডারেশন ভবনে দলবদলে এল বিজেএমসি।সেই আশির দশকে দাপটের সঙ্গে খেলে যাওয়া দলটি এবার নাম লিখিয়েছে বাংলাদেশ লিগে। জাতীয় দলের তারকা খেলোয়াড় নেই। অভিজ্ঞ আর নতুনদের মিশেলে গড়া হয়েছে এই দল।২৮ জন খেলোয়াড় নিয়ে বাফুফে ভবনে এলেও কাল নিবন্ধন করা হয়েছে ১৫ জন খেলোয়াড়। গত মৌসুমে আবাহনীর হয়ে বেশির ভাগ সময়ে সাইড বেঞ্চে থাকা স্ট্রাইকার আলফাজ এই দলের অধিনায়ক। আছেন আবাহনী থেকে আসা গোলরক্ষক হিমেল, মুক্তিযোদ্ধার নেহাল ও ফরাশগঞ্জের তারেক। রক্ষণে ব্রাদার্সের আশরাফুল, মোহামেডানের রমজান, আরামবাগের মনু ও খান শরীফ, মোহামেডানের রাসেল আনসারী। মাঝমাঠে আবাহনীর আবুল, আবদুল্লাহ পারভেজ, মোহামেডানের রনি ইসলাম, ফরাশগঞ্জের খোকন দাস, শেখ রাসেলের জনি, ব্রাদার্সের সাইফুল। স্ট্রাইকার আলফাজ। বিদেশি কোচ খোঁজা হচ্ছে। আপাতত কোচের দায়িত্বে থাকছেন জাকারিয়া বাবু। উপদেষ্টা কোচ হয়েছেন ওয়াজেদ গাজী।এই দল নিয়েই আশাবাদী বিজেএমসির পরিচালক (ক্রীড়া) জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান (জয়), ‘দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। বাংলাদেশ লিগে অন্তত সেরা তিনের মধ্যে থাকতে চাই আমরা।’ তা ছাড়া মাঠে ও মাঠের বাইরে একটা সুশৃঙ্খলিত দল হিসেবে খেলার লক্ষ্য আমাদের। ভালো মানের চারজন বিদেশি আনতে চায় বিজেএমসি। পাতানো খেলার বিষবাষ্প থেকে দূরে থাকারও প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ‘আমার দল পাতানো খেলা থেকে শতভাগ দূরে থাকবে। আমি অন্তত এই নিশ্চয়তা দিতে পারি’—আরিফ খানের মুখে প্রতিশ্রুতি।প্রতিশ্রুতি রক্ষা করবে বিজেএমসি? প্রশ্নটা আসছে কারণ—অতীতে কেউই প্রতিশ্রুতি দিয়ে রাখেনি!