
পোস্টে বল আসছে, আর মোহামেডান গোলরক্ষক রাসেল খান বাপ্পী সরে গিয়ে গোল খাচ্ছেন। একবার, দুবার নয় ছয় ছয়বার কাল এমন ন্যক্কারজনক কাণ্ড দেখা গেল হকি স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগ হকির এই ম্যাচ শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ এই গোলরক্ষকের মুখে অপরাধবোধের ছায়া। আদুল গায়ে কুলডাউন করতে করতে বললেন, ‘স্যরি, ভাই আমি এ ম্যাচে খেলতেই চাইনি। ম্যানেজমেন্ট আমাকে জোর করে খেলিয়েছে। আমিও বুঝতে পেরেছি কাজটা মোটেও ঠিক হয়নি।’
লিগে নিজেদের শেষ ম্যাচটা কাল কলঙ্কিত করে রাখল মোহামেডান ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী স্টেডিয়ামে ন্যক্কারজনকভাবে পাতানো ম্যাচ খেলে মোহামেডান ৭-৬ গোলে জিতল বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে। দুই দলের খেলোয়াড়েরা দিব্যি বুঝে-শুনেই এমন অন্যায় কাজে সায় দিয়েছেন! এই জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছে মোহামেডান। বাংলাদেশ স্পোর্টিংকে পঞ্চম করার জন্যই যে এমন পাতানো ম্যাচ খেলেছে মোহামেডান, মাঠেই সেই অভিযোগ করলেন ওয়ান্ডারার্সের সহসভাপতি সানি মাহতাব, ‘মোহামেডান দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাচ্ছে। ওরাই চাইছে যেন বাংলাদেশ স্পোর্টিং পঞ্চম হয়।’
ম্যাচটি শুরুর আগে ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিংয়ের পয়েন্ট ছিল সমান ১৬। কিন্তু গোল গড়ে পিছিয়ে ছিল বাংলাদেশ স্পোর্টিং। দিনের প্রথম ম্যাচে আবাহনী ৪-২ গোলে ওয়ান্ডারার্সকে হারানোর পরই সমীকরণটা দাঁড়িয়েছিল বাংলাদেশ স্পোর্টিংকে ১ গোলের ব্যবধানে হারতে হবে মোহামেডানের কাছে। শেষ পর্যন্ত হয়েছেও তা-ই।
এমন বিতর্কিত ম্যাচে মোহামেডানের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির গড়া কীর্তিও যেন ঢাকা পড়ে গেল। পরশু ঊষার বিপক্ষে জিমি একাই হ্যাটট্রিকসহ করেন ৫ গোল। কাল করেছেন ৭ গোলের সব কটিই। সুবাদে এক মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতার (৩৭টি) রেকর্ড গড়ে ফেলেছেন বলে দাবি জিমির। কিন্তু জিমির এই রেকর্ড নিয়েও ম্যাচ শেষে প্রশ্ন উঠল। জাতীয় দলের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল দাবি করলেন ১৯৯৬ সালে ঊষার হয়ে তিনি করেছিলেন ৪০ গোল। দুজনই নিজেদের সর্বোচ্চ গোলদাতা দাবি করলেও অবাক করা ব্যাপার হলো, ফেডারেশনে সর্বোচ্চ গোলের এই রেকর্ড-সংক্রান্ত কোনো ফাইলপত্রই নেই!
এদিকে আজ ঊষা-মেরিনার্সের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে মেরিনার্স। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঊষা। চ্যাম্পিয়ন হতে হলে ঊষাকে আজ জিততেই হবে। আর ম্যাচটি ড্র হলে চ্যাম্পিয়ন হবে মেরিনার্স।