পাতানো ম্যাচের অভিযোগ অস্বীকার ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি পাতানো ছিল বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ ক্রীড়াসাংবাদিক এড হকিন্স। পাকিস্তানের ইনিংসটি কেমন হবে, সেটা নাকি আগেই তাঁকে ঠিকঠাক বলে দিয়েছিলেন ভারতীয় এক জুয়াড়ি। তবে পাতানো ম্যাচের এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ধরনের দাবির মাধ্যমে ভারতের বিশ্বকাপজয়ী দলকেই অপমান করা হয় বলে ক্ষুব্ধ মন্তব্য করেছেন বিসিসিআইয়ের সভাপতি এন শ্রীনিবাসন।সম্প্রতি প্রকাশিত এক বইয়ে ব্রিটিশ ক্রীড়াসাংবাদিক এড হকিন্স দাবি করেছেন, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ইনিংস চলার সময়ই এক জুয়াড়ি তাঁকে একটা টুইটারবার্তার মাধ্যমে জানিয়েছিলেন পাকিস্তানের ইনিংসটা কেমন হবে। সেই বার্তায় বলা হয়েছিল, পাকিস্তান ব্যাট করার সময় খুব দ্রুত ১০০ রান তুলবে। এরপর দ্রুত দুটি উইকেট হারাবে। দলীয় ১৫০ রানের মধ্যে পাঁচটি উইকেটের পতন ঘটবে এবং শেষ পর্যন্ত ২০ রানের বেশি ব্যবধানে হেরে যাবে পাকিস্তান। বাস্তবেও সেমিফাইনালে এমনটিই ঘটেছিল। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ভারত পেয়েছিল ২৯ রানের জয়। তবে তাই বলে এভাবে ম্যাচ পাতানোর অভিযোগ একেবারেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন। তিনি বলেছেন, ‘এ ধরনের দাবি তোলার মাধ্যমে আমাদের ওই দলকে অপমান করা হয়েছে।’ টাইমস অব ইন্ডিয়া।