পাতাহীন পায়ের জাদুকর মিউনিজ (ভিডিও)
জন্ম থেকেই গ্যাব্রিয়েল মিউনিজের পায়ের দুটো পাতা নেই। কিন্তু, তাতে কী? ১১ বছর বয়সী এই বালকের চেয়ে ভালো ফুটবলার তার স্কুলে আর একজনও নেই। জন্মগত শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও মিউনিজ স্বপ্ন দেখে ফুটবলার হওয়ার। তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে ইতিমধ্যেই বিশ্বখ্যাত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে। স্যাকুয়েরামায় বার্সেলোনার প্রশিক্ষণকেন্দ্রে পায়ের পাতাহীন গ্যাব্রিয়েল মিউনিজ নিজের ক্যারিশমায় হতবাক করে দিয়েছে সবাইকে। সক্ষম ছেলেদের সঙ্গে সেখানে ফুটবল খেলে গ্যাব্রিয়েল প্রমাণ করেছে, প্রাকৃতিকভাবে অক্ষমতা নিয়ে জন্মালেও ফুটবল প্রতিভাটা তাঁর ঈশ্বর-প্রদত্তই।জ্ঞান হওয়ার পর থেকে বার্সেলোনার ফুটবল তারকা লিওনেল মেসি তাঁর স্বপ্নের ফুটবলার। বার্সেলোনায় গিয়ে নিজের প্রতিভায় সবাইকে মুগ্ধ করে মিউনিজ সুযোগ পেয়েছে তার স্বপ্নের তারকার সঙ্গে দেখা করার। খুব সম্ভবত আগামী মাসেই পূরণ হতে যাচ্ছে ছোট্ট মিউনিজের মেসিকে সামনে দেখার স্বপ্ন। পায়ের পাতা নিয়ে না জন্মালেও গ্যাব্রিয়েল মিউনিজ কিন্তু স্বাভাবিক জীবনযাপনই করে আসছে। বার্তা সংস্থা রয়টার্সকে তার মা স্যান্দ্রা বলেন, ‘গ্যাব্রিয়েল সব সময় স্বাভাবিক জীবনযাপনই করে এসেছে। এক বছর পূর্ণ হওয়ার আগেই সে আমাদের সবাইকে অবাক করে দিয়ে হাঁটতে শুরু করে। আমরা প্রথমে মনে করতাম, হাঁটতে গিয়ে সে বারবার মাটিতে পড়ে যাবে। কিন্তু সে কখনোই মাটিতে পড়ে যায়নি।’ পায়ের পাতা না থাকার পরও মিউনিজের ফুটবল খেলতে পারার দৃশ্যটি প্রথম প্রচারিত হয়েছিল ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিষয়ক টেলিভিশন চ্যানেল টিভি গ্লোবো নেটওয়ার্কে। এর পর বার্সেলোনা ক্লাবের তরফ থেকে মিউনিজের মায়ের কাছে একটি আমন্ত্রণ আসে। সেখানে গিয়ে সে যে প্রতিভা ও ফুটবলীয় গুণাবলীর স্বাক্ষর রেখেছে, তাতে মুগ্ধ বার্সেলোনার ফুটবল ব্যক্তিত্বরা।গ্যাব্রিয়েল মিউনিজের জিম শিক্ষক হোসে লোপেজ রয়টার্সকে বলেন, বার্সেলোনায় যাওয়ার পর ওদের প্রশিক্ষণ ক্যাম্পে মিউনিজ তার যে প্রতিভার স্বাক্ষর রেখেছে, তা অবাক করেছে সবাইকেই।এত কিছুর পরও মিউনিজ পরিপূর্ণ পেশাদারি ফুটবলে খেলতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। কারণ, এখনো পর্যন্ত শারীরিকভাবে অক্ষম কোনো ফুটবলারকে দেখেনি বিশ্ব। তবে গ্যাব্রিয়েল মিউনিজের যে প্রতিভা, তাতে খুব সম্ভবত সে-ই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম শারীরিকভাবে অক্ষম, ফুটবল তারকা। অন্তত, বার্সেলোনার মতো ক্লাবে তাঁর আমন্ত্রণ তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। এ ব্যাপারে তার জিম শিক্ষক হোসে লোপেজ বলেন, মিউনিজ শারীরিকভাবে অক্ষমদের জন্য এক অনন্য নিদর্শন। মানুষের অক্ষমতাটা যে মানসিক, ব্যাপারটি সে-ই প্রমাণ করেছে। তিনি বলেন, সে হয়তো, বিশেষ অলিম্পিকে খেলার সুযোগ পাবে, কিন্তু মিউনিজের স্বপ্নটা আরও বড়, সে পূর্ণ পেশাদারি ফুটবলার হতে চায়।মিউনিজের বন্ধু, ১৩ বছর বয়সী লুকাস সান্তোস বলেছে, মিউনিজ দারুণ প্রতিভাবান ফুটবলার। ওর পায়ের কাজ অসাধারণ, মাঠে সে ভয়ডর ছাড়াই খেলে। পাসগুলোও হয় দুর্দান্ত।’