পাতো-কউতিনহোয় মুগ্ধ রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ খেলতে পারেননি। নতুন মৌসুমের আগেও আছেন দ্বিধাদ্বন্দ্বে। তবে নিজেকে এসি মিলানের একজন ভেবেই প্রত্যাশাভরে সামনে তাকিয়ে আছেন রোনালদিনহো। নিজের ভালোর ছবি তো আঁকছেনই, দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আরও দুই ব্রাজিলিয়ানের।এই দুই ব্রাজিলিয়ানের একজন এসি মিলান সতীর্থ পাতো। অন্যজন এবারই মিলানের আরেক ক্লাব ইন্টারে নাম লেখানো তরুণ কউতিনহো। রোনালদিনহোর কথায় আস্থা রাখলে ধরে নিতে পারেন, শুরু হতে যাওয়া নতুন মৌসুমটি হবে পাতো-কউতিনহোর। দুই মৌসুম আগে এসি মিলানে যোগ দেওয়া পাতো নিজের যোগ্যতায়ই মিলানের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন। পাতোর গুণমুগ্ধ রোনালদিনহো বলেছেন, ‘পাতো দুর্দান্ত সামর্থ্যবান ও অনুপ্রাণিত এক খেলোয়াড়। এই মৌসুমে সে অনেক গোল করবে।’ ১৮ বছর বয়সী কউতিনহোরও সমান গুণমুগ্ধ রোনালদিনহো, ‘আরও একজন তরুণ প্রতিভার দিকে চোখ রাখুন। সে মাত্রই ইন্টারে এসেছে। কিন্তু নিজেকে এখানে চেনাবেই।’ বিশ্বকাপে খেলতে না পারার হতাশাটা এখনো আছে। সেই হতাশার মাঝেই এঁকে যাচ্ছেন প্রত্যাশার ছবি, ‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আশা আমার ছিল। সম্ভবত সেটা আমার পাওনাও ছিল। কিন্তু এখন আমি সামনের দিকেই তাকাচ্ছি।’ এএফপি।