পাত্তাই দিলেন না গার্দিওলা
বার্সেলোনা ছেড়ে তাঁর চেলসিতে যাওয়ার খবরটিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিলেন পেপ গার্দিওলা। বললেন, এটা একটা ‘অলীক কল্পনা’।গার্দিওলা কিংবা মরিনহো চেলসির কোচ হয়ে যেতে পারেন—এমন গুঞ্জন অনেক দিন ধরেই। সম্প্রতি গুঞ্জনের পালে জোর হাওয়াটা এ রকম যে, গার্দিওলাই চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের প্রধান লক্ষ্য। বার্সার ৪১ বছর বয়সী কোচকে প্রলুব্ধ করতে বছরে এক কোটি পাউন্ড বেতনের প্রস্তাবও নাকি তিনি ভাবছেন। গত মাসেই আন্দ্রে ভিলাস-বোয়াসকে বরখাস্ত করে মৌসুমের বাকি সময়টার জন্য আব্রামোভিচ অন্তর্বর্তী কোচের দায়িত্ব দিয়েছেন রবার্তো ডি মাত্তেওকে।কিন্তু গার্দিওলা এই খবরকে মোটেও পাত্তা দেননি। তবে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টিও এড়িয়ে গেছেন বার্সার কোচ। গতকালই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল চেলসি-বার্সেলোনা। স্টামফোর্ড ব্রিজের এই ম্যাচের আগে লন্ডনে বসেই গার্দিওলা বলেছেন, ‘এটা কল্পনা, স্রেফ অনুমান। আমি এখন বার্সেলোনার কোচ এবং তাদেরও (চেলসি) অসাধারণ এক ম্যানেজার আছেন, যিনি অবিশ্বাস্য সাফল্য পাচ্ছেন।’এ ধরনের আলোচনা চেলসি-বার্সেলোনা কোনো দলের জন্যই যে ভালো নয়, সেটা মনে করিয়ে দিয়েছেন বার্সাকে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় শিরোপা জেতানোর স্বপ্ন দেখা গার্দিওলা, ‘এ নিয়ে কথা বলাটা চেলসি কিংবা বার্সেলোনার কারোরই ভালো কিছু করবে না। এ নিয়ে কথা বলার সময়ও নেই।’বার্সেলোনার পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও গার্দিওলা রাজি হচ্ছেন না। এটাই গুঞ্জন উসকে দেয় যে গার্দিওলা ন্যু-ক্যাম্প ত্যাগ করতে পারেন। চেলসিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া মানে চুক্তি নবায়ন করে নু-ক্যাম্পেই থেকে যাবেন? গার্দিওলার নৈর্ব্যক্তিক উত্তর, ‘আমি শুধু খেলায় মনোযোগ দিতে চাই। আমি নিশ্চিত করতে চাই, আমার খেলোয়াড়েরা যেন খেলায় মনোযোগী থাকে এবং খেলাটা উপভোগ করতে পারে।’ এএফপি।