পাত্রী খুঁজছেন লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ২৭ হয়ে গেছে, বিয়ে করেননি, প্রেমটেমও নেই; এমন ছেলের বাড়িতে এমনিতেই ঘটক পৌঁছে যাওয়ার কথা। তারপর যদি ছেলেটির নাম হয় লিউ শিয়াং! তা, লিউয়ের বাড়িতে টুকটাক প্রস্তাব আসছে বৈকি। লিউও কাউকে খালি হাতে ফেরাতে চান না। বরং চীনের সবচেয়ে নামী এই অ্যাথলেট আরেকটি এশিয়ান গেমস সোনা জয়ের পর বলে দিলেন, পাত্রী খুঁজছেন তিনি। শুধু পাত্রী খুঁজছেন বলে বসে থাকলে কথা ছিল, কেমন পাত্রী চাই, তারও একটা বর্ণনা দিয়েছেন—দয়ালু, দেখতে সুন্দর, ভদ্র; এসব গুণ তো থাকতেই হবে, সঙ্গে মেয়েকে অবশ্যই যৌথ পরিবারে থাকতে রাজি হতে হবে।এথেন্স অলিম্পিক, ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও সর্বশেষ তিনটি এশিয়ান গেমসে ১১০ মিটার হার্ডলসের সোনাজয়ী লিউ তারকা হিসেবে যত বড়ই হোন না কেন, এখনো তিনি মায়ের বাধ্য ছেলে। বলছেন, মায়ের হাতের খাবারই এখনো তাঁর সেরা পছন্দ। তাই তাঁর বউকেও লিউয়ের মা-বাবার সঙ্গে থাকতে হবে, ‘আমি এখনো মা-বাবার সঙ্গে থাকি। আমি মায়ের রান্না এখনো পছন্দ করি। আমার কাছে পারিবারিক মূল্যবোধটা অনেক বড়। পরিবার অন্য যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।’নিজের পরিবার নিয়ে শুধু সুখকল্পনা করে বেড়াচ্ছেন না। লিউ সদস্যসংখ্যাও ঠিক করে ফেলেছেন—চীনা আইনের ফাঁক বের করেই তিনি দুই সন্তানের বাবা হতে চান। এমনিতে চীনে একজনের বেশি সন্তান নেওয়া নিষেধ। তবে বাবা-মা দুজনই যাঁর যাঁর মা-বাবার একমাত্র সন্তান হলে দুই সন্তান নেওয়া যেতে পারে। লিউ তাঁর মা-বাবার একমাত্র সন্তান। এখন তাঁর স্ত্রীকেও একমাত্র সন্তান হতে হবে। কারণ লিউয়ের দুই সন্তান চাই-ই চাই।কারণ? ‘আমি মা-বাবার একমাত্র সন্তান হিসেবে খেলার সঙ্গী ছাড়াই বড় হয়েছি। ফলে আমার মনে হয় দুটো সন্তান দরকার। আর আমার মা-বাবা সামলাতে পারবেন।’কথাবার্তা শুনে খুব সরল মনে হচ্ছে? তা হোক, লিউয়ের কাছে এসব ‘হার্ডল’ পাত্তা পায় না। পরিকল্পনা সারা তাঁর। সব মিলে দ্রুত বিয়ে করতে হবে, দ্রুত দুটো সন্তান নিতে হবে। দ্রুত মানে ২০১৫ সালের মধ্যে! কারণ ওই বছর অবসর নিয়ে নেবেন তিনি। এরপর পরিবার নিয়ে সময় কাটানো ছাড়া আর কোনো কাজ নয়। লিউয়ের মা-বাবা এমন ছেলের জন্য গর্ববোধ করতে পারেন। এএফপি।