পাদপ্রদীপে অন্য ভ্যালেন্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডেন বুটের লড়াইয়ে অখ্যাত ভ্যালেন্সিয়া l এএফপি
গোল্ডেন বুটের লড়াইয়ে অখ্যাত ভ্যালেন্সিয়া l এএফপি

ভ্যালেন্সিয়া বললে চট করে কার কথা মাথায় আসে? ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আন্তোনিও ভ্যালেন্সিয়ার নামটাই নিশ্চয়ই বলবেন? এখন এনার ভ্যালেন্সিয়ার নামটাও যোগ করে নিন। ইকুয়েডরের বিখ্যাত সতীর্থের নামের ভারে এত দিন নিভৃতেই ছিলেন। এবার বিশ্বকাপে সতীর্থকে ছাপিয়ে এনার ভ্যালেন্সিয়ার ওপরেই পাদপ্রদীপের সব আলো। এখন পর্যন্ত বিশ্বকাপে তিনটি গোল করেছে ইকুয়েডর, তিনটিই তাঁর। পরশু এনার জোড়া গোলে হন্ডুরাসকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। সবচেয়ে বড় কথা, কে ভাবতে পেরেছিল যে মুলার, রোবেন, ফন পার্সি, বেনজেমাদের সঙ্গে ‘ছোট’ ভ্যালেন্সিয়াও থাকবেন গোল্ডেন বুটের লড়াইয়ে!
এই বিশ্বকাপে আগে গোল করাটা এখন একরকম অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। পরশুও কিন্তু আগে গোল করেছিল হন্ডুরাসই। ৩১ মিিনটে কার্লো কস্টলির গোলটা হতে পারত দারুণ মূল্যবান। কিন্তু বেশিক্ষণ হন্ডুরাসের আনন্দটা স্থায়ী হলো না। তিন মিনিট পরই এনার গোল করে সমতায় ফেরান দলকে। এরপর দুই দলই সুযোগ পেয়েছিল অনেক। শেষ পর্যন্ত আবার গোল করেন ওই ভ্যালেন্সিয়াই, ক্লাব-সতীর্থ ওয়াল্টার আইয়োভির ফ্রি-কিক থেকে হেডে।
বয়স ২৫, জাতীয় দলে এসেছেন খুব বেশি দিন হয়নি। নিয়মিত স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনিতেজের অকালপ্রয়াণের পর গত বছর সুযোগ পেয়ে যান জাতীয় দলে। এখন তো দলের অবিচ্ছেদ্য অংশই। কোচ রেইনালদো রুয়েদা যেমন বললেন, ‘ইকুয়েডরের জন্য গত বছর এনারের দলে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে দলে এসেছে ১০ মাস হয়েছে, এক বছরও নয়। এই সময় সে অনেক পরিণত হয়েছে।’
জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন, এনার তো উচ্ছ্বাসে ভেসে যাবেনই, ‘ছোটবেলা থেকেই বিশ্বকাপ ফুটবলে গোল করার স্বপ্ন দেখে আসছি। সেটা সত্যি হওয়ার জন্য কোচিং স্টাফ ও সতীর্থদের ধন্যবাদ।’ তবে এই জয়েও কিন্তু এখনো অনিশ্চিত ইকুয়েডরের পরের পর্বে যাওয়া। গোল্ডেন বুটের স্বপ্নও তাই খুব বেশি আপ্লুত করতে পারছে না তাঁকে, ‘গোল্ডেন বুট নিয়ে এখনই কিছু ভাবছি না। পরের পর্বে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যদি আমার গোল থেকে হয় তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’
টানা দুই হারে হন্ডুরাসের বিশ্বকাপ কার্যত শেষ। এখন সুইজারল্যান্ডের সঙ্গে বড় ব্যবধানে জয় পেলেই অলৌকিক কিছু হতে পারে, তাকিয়ে থাকতে হবে ইকুয়েডরের শেষ ম্যাচে পরাজয়ের আশাতেও। হন্ডুরাসের কোচ লুইস সুয়ারেজ আছেন সেই আশাতেই, ‘বাদ পড়ে গেলে ব্যাপারটা আরও খারাপ হতো। এখনো আমাদের সুযোগ আছে। আমাদের চেষ্টা করে যেতে হবে।’ এএফপি, রয়টার্স।