পাদপ্রদীপে ক্রন-দেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড-ডেনমার্ক ম্যাচটা সবে শেষ হয়েছে। ম্যান অব দ্য ম্যাচের নাম ঘোষণার সময় তাঁর নামটাই ভুলে গেলেন কর্মকর্তারা। এটি একেবারে অপ্রত্যাশিতও ছিল না। ম্যাচের আগে কজনই বা তাঁকে চিনত? টুর্নামেন্ট শুরুর আগে তাঁকে নিয়ে কোনো শোরগোলই ছিল না, ছিল না প্রত্যাশার চাপ। কিন্তু এক ম্যাচের পরই দৃশ্যপট বেমালুম পালটে গেল। হল্যান্ডের সঙ্গে জয়সূচক গোল করে ডেনিশ উইঙ্গার মাইকেল ক্রন-দেলি হঠাৎ করেই পাদপ্রদীপের আলোয়। ম্যাচের ২৪ মিনিটে তাঁর দেওয়া গোলের কারণেই ডেনমার্ক এখন ‘মৃত্যুকূপ’ পেরিয়ে পরের পর্বে খেলার স্বপ্ন দেখছে। তবে ডেনমার্কের স্বপ্নসারথি ২৯ বছর বয়সী ক্রন-দেলির ক্যারিয়ার মসৃণ ছিল না মোটেই। চোটের সঙ্গে তাঁকে লড়তে হয়েছে ক্যারিয়ারজুড়েই। এ জন্যই হল্যান্ডের আয়াক্সের হয়ে দুই মেয়াদে খেলার সুযোগ পেয়েও ম্যাচ খেলেছেন সাকল্যে চারটি। ভাগ্যের ফেরে সেই হল্যান্ডেরই কপাল পোড়ালেন তিনি। তবে ডাচ বান্ধবীর কারণেই কিনা এটাকে বড় করে দেখতে নারাজ, ‘হল্যান্ডে আমি প্রচুর সময় কাটিয়েছি, ওখানে অনেক লোকের সঙ্গেই আমার পরিচয় আছে। চোটের কারণে আয়াক্সে আমার ভাগ্যটা ভালো যায়নি, তবে এটা তো খেলারই অংশ। তাই প্রতিশোধের কথা এখানে অবান্তর।’ রয়টার্স।