পান করে টুইট করতে নেই, বললেন হ্যারিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত টুইট করে অনুতপ্ত হ্যারিস!
বিতর্কিত টুইট করে অনুতপ্ত হ্যারিস!

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক সতীর্থদের কথা দিয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ উদ্ধার হলে জম্পেশ পার্টি হবে! অধিনায়ক কথা রেখেছেন! পার্টির আয়োজক আর কেউ নন, শেন ওয়ার্ন! মৌজ-মস্তি করতে রাতে অস্ট্রেলিয়ার অ্যাশেজ-নায়কেরা হাজির হন মেলবোর্নের বিখ্যাত ক্যাসিনো ক্রাউনে।
এ পর্যন্তও ঠিক ছিল। কিন্তু গোল বাধে অন্য জায়গায়। ঢোকার পথে ক্রাউন ক্যাসিনোর দরজায় দাঁড়ানো কর্মীরা আটকে দেন অস্ট্রেলিয়ার নায়কদের। হয়তো ক্যাসিনোর নিয়ম অনুসরণ করতেই এটা করতে হয়েছে তাঁদের। তবে বিষয়টি ঠিক হজম করতে পারেননি রায়ান হ্যারিস। আকণ্ঠ পান করে ক্যাসিনো এবং কর্মীদের বিরুদ্ধে টুইট করে বসেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। টুইটটি মুহূর্তেই বিতর্কের ঝড় তোলে। ভুল বুঝতে পেরে দ্রুত মুছে ফেলেন হ্যারিস। কিন্তু ততক্ষণে তাঁর ৩৭ হাজার অনুসারী সেটি দেখে ফেলেছেন!
টুইটার বিতর্ক অবশ্য অস্ট্রেলিয়ার জন্য নতুন নয়। এর আগে ডেভিড ওয়ার্নার এক ক্রীড়া সাংবাদিকের উদ্দেশে যা-তা টুইট করেছিলেন। খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পর্যন্ত কদিন আগে অফিসিয়াল ফ্যান পেজে ইংলিশ স্পিনার মন্টি পানেসারকে নিয়ে করা টুইট বিতর্কের রসদ জুগিয়েছে।
বিব্রত হ্যারিস অবশ্য বলেন, ‘সকালে বোকার মতো ভুল করেছি। আসলে এমন টুইট করা উচিত হয়নি। তাঁরা (দরজা কর্মীরা) তাঁদের কাজ করেছে।’ এরপর দারুণ এক মন্তব্য করেছেন অনুতপ্ত হ্যারিস, ‘আগে বহুবার শুনেছি, পান করে কখনো টুইট করতে নেই!’ এখন আপ্তবাক্যটি মনে থাকলেই হয়!