পানি-বিরতির অভিষেক

ফোর্তালেজায় তখন সময় দুপুর দেড়টা, তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁইছুঁই। প্রচণ্ড গরমে ঘেমেনেয়ে একাকার দুদলের ফুটবলরারা। রেফারি পেদ্রো প্রোয়েনসার বাঁশি আর দুহাত আড়াআড়ি করে দেখানো সংকেতে হল্যান্ড-মেক্সিকো ম্যাচ ঢুকে গেল ইতিহাসে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক পানি-বিরতি, কেতাবি নাম ‘কুলিং ব্রেক’। প্রথমার্ধে ৩ মিনিটের পর দ্বিতীয়ার্ধেও ছিল ৩ মিনিটের পানি-বিরতি। ‘প্রথম’ শুনে অবশ্য ধন্দে পড়ে যেতে পারেন অনেকে। গ্রুপপর্বে পর্তুগাল-যুক্তরাষ্ট্র ম্যাচেও তো ছিল পানি-বিরতি! ছিল, তবে ‘অফিশিয়াল’ নয়। মানাউসের প্রচণ্ড গরমে ফুটবলারদের ভুগতে দেখে সেদিন ম্যাচের ৩৯ মিনিটে পানি-বিরতি দিয়েছিলেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। আর নিয়ম অনুযায়ী অফিশিয়াল পানি-বিরতি নির্ধারিত হয় ম্যাচের এক ঘণ্টা আগে, তাপমাত্রা ৩২ ডিগ্রির ওপর থাকলে। প্রথমার্ধে ৩০ মিনিটের পর আর দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের পর ৩ মিনিট করে। পরশুর ম্যাচ, ভেন্যু স্তাদিও কাস্তেলাও আর রেফারি প্রোয়েনসা, সবাই তাই নাম লেখালেন ইতহাসে।