পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের দাপুটে জয়

ব্যাটিংয়ের পর বল হাতেও হার্দিক পান্ডিয়া ছিলেন উজ্জ্বলছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান—ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির পাওয়ারপ্লেতে ভারত যেন রীতিমতো উড়ছিল। সফল পাওয়ারপ্লের পর ভারত ২০ ওভারে রানটাকে নিয়ে যায় ৮ উইকেটে ১৯৮ রানে।

এই রান তাড়ায় ভারতের মতো শুরু দরকার ছিল ইংল্যান্ডের। কিন্তু হলো উল্টোটা। ইনিংসের ৬.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড, দলের রান তখন মাত্র ৩৪। ভারতের সহজ জয় তখন প্রায় নিশ্চিত।

ম্যাচের বাকি সময়টা ছিল যেন সেই আনুষ্ঠানিকতার অপেক্ষা। শেষ পর্যন্ত সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোউলে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে নিয়েছে ভারত। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া।

রান তাড়ায় ইংল্যান্ড ইনিংসের প্রথম ওভারে হারায় অধিনায়ক জস বাটলারের উইকেট। ইনিংসের প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত ইনসুইং বাটলারের ডিফেন্স ভেঙ্গে স্টাম্পে আঘাত করে। কোনো রান না করেই ইংল্যান্ডের অধিনায়ককে ফিরতে হয় ড্রেসিংরুমে। এরপর আসা-যাওয়ায় ব্যস্ত থাকেন ডেভিড ম্যালান, লিয়াম লিভিংস্টোন ও জেসন রয়। ভুবনেশ্বর দুটি ও পান্ডিয়া দুটি উইকেট নিয়ে ভেঙে দেন ইংলিশ টপ অর্ডার।

এরপর অবশ্য মঈন আলী ও হ্যারি ব্রুকের ৬১ রানের জুটি প্রতিযোগিতার আভাস দেয়। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের জোড়া আঘাতে সেটি হয়নি। ব্রুক ২৮ ও মঈন ৩৬ রান করে আউট হলে ভারতের জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

পান্ডিয়া তাঁর দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আরও ২ উইকেট শিকার করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ইংল্যান্ড ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে। ৪ উইকেট নেওয়া পান্ডিয়া ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন।

সাউদাম্পটনে টসে জিতে ভারত শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। করোনা থেকে সুস্থ হয়ে ফেরা ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাই দ্রুত রান তুলে ভারতীয় ব্যাটসম্যানদের পথ দেখান। তাঁর ১৪ বলে ২৪ রানের ইনিংসটি ভারতের পাওয়ারপ্লের ভিত গড়ে দেয়।

ইংল্যান্ডের নবনিযুক্ত অধিনায়ক বাটলার উইকেটের আশায় পাওয়ারপ্লেতেই মঈন আলীকে বোলিংয়ে আনেন। রান দিলেও মঈনকে মারতে গিয়ে আউট হন রোহিত (২৪) ও আরেক ওপেনার ঈশান কিষান (৮)।

তবে রানের গতি তাতে কমেনি। আয়ারল্যান্ড সফর থেকে দারুণ ছন্দে থাকা দিপক হুদা ওভারপ্রতি ১০ এর বেশি রান রেট বজায় রাখেন। চারে নামা সূর্যকুমার যাদবও রান তুলেছেন দ্রুত। দুজনের জুটি ২৩ বলে ৪৩ রান যোগ করে।

দুই শ স্ট্রাইক রেটের এই জুটি ভাঙতে অভিজ্ঞ ক্রিস জর্ডানকে নবম ওভারে বোলিংয়ে আনেন বাটলার। স্লোয়ার বলের ফাঁদে ফেলে হুদাকে সেই ওভারেই আউট করেন জর্ডান। আউট হওয়ার আগে ১৭ বলে ৩৩ রান করেন হুদা। ১২তম ওভারে আবারো জর্ডানের আঘাত, এবার শিকার সূর্যকুমার যাদব। ১৯ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি।

৩৩ বলে ৫১ রান করেছেন পান্ডিয়া
ছবি : টুইটার

দিনের দ্বিতীয় উইকেটটি জর্ডানকে নিয়ে যায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে। এখন ৮২ উইকেট তাঁর। ৮১ উইকেট নিয়ে দুইয়ে আছেন হজের কারণে এ সিরিজে না খেলা লেগ স্পিনার আদিল রশিদ।

জর্ডান মাঝের ওভারে চেপে ধরলেও এরপর অবশ্য দাপটটা দেখিয়েছে ভারতই। তাতে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া। ৩৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন এই অলরাউন্ডার। শেষের দিকে অক্ষর প্যাটেল (১৭) ও দীনেশ কার্তিকের (১১) সৌজন্যে ভারত শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯৮ রান তোলে। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট শিকার করা জর্ডান ছিলেন ইংল্যান্ডের সেরা বোলার।