পাপের কথা স্বীকার করলেন আর্মস্ট্রং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় চার্চে গিয়ে ধর্মযাজকের কাছে পাপ স্বীকারের চল ছিল। এখনো অনেকেই করেন নিশ্চয়। তবে তারকাদের জন্য ‘কনফেশন’-এর ভালো মঞ্চ হয়ে উঠেছে বিভিন্ন টিভি অনুষ্ঠান। ল্যান্স আর্মস্ট্রংও নাকি সেই পথ অনুসরণ করেছেন। খ্যাতিমান টিভি উপস্থাপক অপরাহ্ উইনফ্রের কাছে এই কলঙ্কিত সাইক্লিস্ট নিজের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে ইউএসএ টুডে। এর আগে বারবার অপরাধ অস্বীকার করে গেছেন আর্মস্ট্রং, কখনো ডোপ টেস্টে ধরাও পড়েননি। তবে তাঁর এবং তাঁর দলের বিরুদ্ধে ডোপ পাপের আরও অনেক শক্ত প্রমাণ ছিলই। আর্মস্ট্রংয়ের প্রথমবারের মতো নিজ মুখে স্বীকার করা তাই অনেক বড় খবর।এই সাক্ষাৎকার প্রচারিত হবে আগামীকাল ও পরশু। আর্মস্ট্রং ঠিক কী বলেছেন, সেটা জানতে তাই অপেক্ষাই করতে হচ্ছে। তবে অপরাহ্ উইনফ্রে নেটওয়ার্কের (ওডব্লুএন) সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ইউএসএ টুডেকে নিশ্চিত করেছেন আর্মস্ট্রংয়ের পাপ স্বীকার করার খবর। কিছুদিন ধরেই মার্কিন সংবাদমাধ্যমে এ নিয়ে শোরগোল চলছিল। অনেকেই বলছিলেন, এবার মুখ খুলতে যাচ্ছেন আর্মস্ট্রং। কিন্তু কিংবদন্তির স্বর্গ থেকে কলঙ্কের নিন্দিত নরকে পতিত আর্মস্ট্রংয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই বলা হয়নি। কাল সিবিএস চ্যানেলে এই সাক্ষাৎকার নিয়ে কথা বলতে গিয়ে উইনফ্রে অবশ্য বলেছেন, ‘আমার সব প্রশ্নের উত্তর পাইনি। তবে সারা বিশ্ব যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শোনার জন্য মুখিয়ে আছে, সেগুলোর উত্তর পাওয়া গেছে।’ সিবিএস জানিয়েছে, উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে আর্মস্ট্রং বাকি সব ডোপপাপীর বিরুদ্ধেও সাক্ষ্য দিতে রাজি আছেন বলে জানিয়েছেন। উপার্জিত অর্থের একটা অংশও নাকি ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি।নতুন চ্যানেল অপরাহ্ উইনফ্রে নেটওয়ার্কের জন্য এ এক বিশাল পাওয়া। শুরুর দিকে খোঁড়াতে থাকা ওডব্লুএন এই এক সাক্ষাৎকার দিয়ে কয়েক মিলিয়ন ডলারের ব্যবসা করবে বলে অনুমান করা হচ্ছে। এই সাক্ষাৎকার ৩৫ লাখ দর্শক দেখবে বলেও পূর্বাভাস দিয়েছে ফোর্বস। কয়েক দশকের ক্যারিয়ারে উইনফ্রে কম আলোচিত সাক্ষাৎকার নেননি। ১৯৯৩ সালে তাঁর নেওয়া মাইকেল জ্যাকসনের সাক্ষাৎকার বিশ্বজুড়ে নয় কোটি মানুষ দেখেছিল। দর্শকসংখ্যার দিক থেকে হয়তো এটি পিছিয়ে থাকবে, তবে আর্মস্ট্রংয়ের এই সাক্ষাৎকারও উইনফ্রের ক্যারিয়ারের অন্যতম অর্জন। এই সাক্ষাৎকারের খবরটিও মার্কিন সংবাদমাধ্যমের জন্য বিরাট সংবাদ। প্রথমে সাক্ষাৎকারটি টেক্সাসে আর্মস্ট্রংয়ের বাড়িতে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে অস্টিনের শহরতলির একটি হোটেলে সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। খবর পেয়ে ভোর হওয়ার আগে থেকেই এই হোটেলের সামনে জড়ো হতে শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলগুলোর কর্মীরা। রীতিমতো ভিড় জমে যায় সেখানে।গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের ডোপিং-বিরোধী সংস্থা (ইউএসএসডিএ) আর্মস্ট্রংকে পারফরম্যান্সবর্ধক ড্রাগ ব্যবহারের অপরাধে অভিযুক্ত করে। আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ প্রতিবেদনের সংক্ষিপ্তসারই ২০০ পৃষ্ঠার আকার নেয়। সেটিই পুরো বিশ্বকে জানিয়ে দেয়, ইতিহাসের সবচেয়ে সূক্ষ ও সুবিস্তৃত ডোপিং কারসাজিগুলোর একটি করেছেন আর্মস্ট্রং। তাঁর বিরুদ্ধে ২৬ জন সাক্ষ্য দেন, যেখানে বলা হয়, ডোপ নিয়েই টানা সাতবার ট্যুর ডি ফ্রান্স জেতার ‘কীর্তি’ গড়েছিলেন আর্মস্ট্রং। শুধু নিজে ডোপ নেননি, কাকে কাকে কোন ড্রাগ নিতে হবে, সেসবও তদারকি করেছেন। এই ২৬ জনের ১১ জনই ছিলেন তাঁর সাবেক সতীর্থ।এর আগে বারবারই ফসকে বেরিয়ে গেলেও এবার কোণঠাসা আর্মস্ট্রং বুঝে যান, দেয়ালে ঠেকে গেছে পিঠ। ইউএসএসডিএ কিংবা আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত থেকেও তাই সরে আসেন। কলঙ্কের তিলক সেঁটে যায় কপালে। অথচ এই আর্মস্ট্রং ছিলেন সারা বিশ্বের মানুষের প্রেরণা। ক্যানসারের মতো ঘাতক ব্যাধি জয় করেছেন, গড়ে তুলেছেন লিভস্ট্রং ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠানও। নিজের ভাবমূর্তির আঁচ এই প্রতিষ্ঠানে যেন না পড়ে, এ কারণে লিভস্ট্রং থেকে সরেও দাঁড়ান। কদিন আগে এই প্রতিষ্ঠানের কর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন আর্মস্ট্রং।ধারণা করা হচ্ছে, বিবেক-যন্ত্রণায় দগ্ধ আর্মস্ট্রং বিশ্বজুড়ে ভক্তদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হিসেবেই নিয়েছেন উইনফ্রের এই সাক্ষাৎকার। কিন্তু ক্ষমা কি মিলবে? রয়টার্স, ওয়েবসাইট।