
কাল আর কাঁদেননি অস্কার পিস্টোরিয়াস। হাসতেও অবশ্য পারেননি ‘ব্লেড রানার’। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে পরিকল্পিত হত্যার অভিযোগ থেকে মুক্তি পেলেও অনিচ্ছাকৃত ও দায়িত্বহীন হত্যাকাণ্ডের অভিযোগে যে দোষী সাব্যস্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার পাবিহীন এই স্প্রিন্টার। তবে কাল বিচারপতি থোকোজাইল মাসিপা শাস্তি ঘোষণা করেননি। শাস্তি ঘোষণা হবে আগামী ১৩ অক্টোবর। এ অভিযোগে সাত থেকে ১৫ বছরের জেল হতে পারে পিস্টোরিয়াসের। সম্ভাবনা আছে স্থগিত শাস্তি পাওয়ারও। শাস্তি ঘোষণার আগ পর্যন্ত জামিনেই থাকবেন পিস্টোরিয়াস। তাঁর আইনজীবীদের আবেদনেই বাড়ানো হয়েছে জামিনের মেয়াদ।
আইনি লড়াই চালাতে সব সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছে, তাই এখন আর দেশের বাইরে পালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই পিস্টোরিয়াস—আইনজীবীদের এ যুক্তি মেনেই জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। কাল অবশ্য আরও একটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ২৭ বছর বয়সী দৌড়বিদ। অভিযোগ, একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে বন্ধুর পিস্তল থেকে গুলি ছুড়েছিলেন। তবে গাড়ির সানরুফ থেকে গুলি ছোড়া ও অবৈধ অস্ত্র রাখার আরও দুটি অভিযোগ থেকে খালাস পেয়েছেন পিস্টোরিয়াস।
সারা বিশ্বকে আলোড়িত করা এ মামলার সূচনা গত বছরের ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসে বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। বাথরুমের জানালা দিয়ে চোর ঢুকেছে এ সন্দেহেই গুলি করা—পিস্টোরিয়াস দাবি করে আসছেন এটাই।
কাল প্রিটোরিয়ার নর্থ গুটেং হাইকোর্টে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের রায় ঘোষণার সময় বিচারপতি মাসিপা পিস্টোরিয়াসকে দাঁড়াতে বলেন। এ সময় ধূসর স্যুট, সাদা শার্ট ও কালো টাই পরা পিস্টোরিয়াস সোজা দাঁড়িয়ে সামনে স্থির তাকিয়ে থাকেন। এর আগে আদালতে বেশ কবারই কান্নায় ভেঙে পড়লেও কাল নিরাবেগই ছিলেন লন্ডন অলিম্পিকে স্বাভাবিক শরীরের অ্যাথলেটদের সঙ্গে দৌড়ানো এই স্প্রিন্টার।
গুলি ছুড়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন পিস্টোরিয়াস, পর্যবেক্ষণে এটাও উল্লেখ করেছেন আদালত, ‘এ রকম পঙ্গুত্ব নিয়েও একজন দায়িত্বপূর্ণ ব্যক্তির বোঝা উচিত ছিল দরজার পেছনের মানুষটি মারা যেতে পারেন। অভিযুক্ত সেটা বুঝতে ব্যর্থ হয়েছেন।’
পিস্টোরিয়াসের বিরুদ্ধে শাস্তিযোগ্য হত্যার অভিযোগ প্রমাণিতকাল আদালত মুলতবি হওয়ার পর পুলিশ ও দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে চাচার বাড়িতে চলে যান পিস্টোরিয়াস। নিজের বাড়িঘর বিক্রি করে দেওয়ার পর থেকে সেখানেই থাকছেন তিনি।
বিচারপতি মাসিপার এ রায় অবশ্য নাড়িয়ে দিয়েছে গোটা দক্ষিণ আফ্রিকাকে। অনেকেই মানতে পারছেন না পরিকল্পিত হত্যার অভিযোগ থেকে তাঁর পরিত্রাণ পাওয়া। সে দেশের সরকারি কৌঁসুলিরা কালও বলেছেন, তাঁরা ‘স্তম্ভিত’। তবে এখনো আপিল করার সিদ্ধান্ত নেননি তাঁরা।
স্টিনক্যাম্পের পরিবার এই রায় মানতে পারেননি। কাল তাঁর মা জুন বলেছেন, ‘আমার মনে হয় না এই রায় সঠিক হয়েছে।’ পিস্টোরিয়াসের পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন চাচা আর্নল্ড পিস্টোরিয়াস, ‘এখানে কোনো বিজয়ী নেই। এ ভয়াবহ ঘটনায় আমরা এখনো পর্যুদস্ত। এটা (রায়) রিভাকে ফিরিয়ে আনবে না। তবে আমরা তাঁর পরিবার ও বন্ধুবান্ধবের পাশেই আছি।’ এএফপি।