পার পেলেন না মাজোলা
অভিযোগটা অনেক দিন থেকেই ঝুলে আছে তাঁর মাথার ওপর। বারবারই পিছলে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। নিরপেক্ষ তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদ ছাড়তে হলো জেরাল্ড মাজোলাকে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে অবৈধভাবে বোনাস নেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রীর গঠন করা ওই তদন্ত কমিটি।২০০৯ সালে আইপিএল, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিসহ আরও কিছু টুর্নামেন্টে নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলেন পদচ্যুত প্রধান নির্বাহী। নিজের নামে ১৭ লাখ র্যান্ড (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) অননুমোদিত বোনাস বরাদ্দ করেছিলেন। যাতায়াত ভাতারও অপব্যবহার করেছিলেন মাজোলা। সব মিলে তাঁর বিরুদ্ধে নয়টি অভিযোগ এনেছিল তদন্ত কমিটি। অবশ্য এই কমিটির রায়েই তিন বছর ধরে চলা এই সমস্যার কোনো সমাধান হলো কি না, সেটাই এখন দেখার। কারণ এরই মধ্যে কমিটির বিরুদ্ধে শ্রম আদালতেই মামলা করে দিয়েছেন মাজোলা। যে মামলার বিবাদীদের একজন আবার খোদ রাষ্ট্রপতি জ্যাকব জুমা! এএফপি।