পারছে না ইন্টার মিলান
গত ছয় মৌসুমের পাঁচবারই তারা চ্যাম্পিয়ন। কিন্তু সেই ইন্টার মিলান এ মৌসুমে যেমন বারবার পা হড়কাচ্ছে, তাতে শেষ পর্যন্ত না অবনমিত হয়ে যায়! পরাজয়ের ধারা থেকে বেরিয়ে লিগে আগের দুটি ম্যাচ জিতলেও পরশুই আবার হোঁচট খেয়ে বসল ক্লদিও রানিয়েরির দল। ইন্টারের মাঠে ইন্টারকে ১-০ গোলে হারিয়েছে উদিনেসে। শেষ ৪ মিনিটে দু দলই একটি করে পেনাল্টি মিস করেছে। লালকার্ড দেখেছে দু দলেরই একজন করে খেলোয়াড়। যদিও পেনাল্টি মিস করে ইন্টারই বেশি পুড়েছে হতাশায়।শীর্ষে থাকা এসি মিলানকে ছুঁয়ে ফেলল উদিনেসে। লিগে ১২ ম্যাচের ৬টিতেই হারা ইন্টারই শুধু ব্যতিক্রম। নয়তো ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, নাপোলি—পরশু রাতে জয় পেয়েছে সব বড় দলই।ম্যান সিটি নরউইচকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। চ্যাম্পিয়ন ম্যানইউ অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ১-০ গোলে। দুই প্রতিবেশীর মধ্যে পয়েন্টের ব্যবধান ৫-ই থাকল। ১৪ ম্যাচে ১২ জয় আর দুই ড্রতে শীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট ৩৮, ম্যানইউর ৩৩। চোট মেক্সিকান তারকা হাভিয়ের হার্নান্দেজকে ছিটকে দেওয়ায় জিতেও উদ্বিগ্ন ফার্গুসন। এ মাসেই আর খেলতে পারবেন না হার্নান্দেজ। এএফপি, রয়টার্স।তবে মানচিনি বা ফার্গুসন নন, পরশু রাতটি বেশি স্বস্তি দিয়েছে আন্দ্রেস ভিলাস-বোয়াসকে। এ রাতে নিউক্যাসলকে চেলসি হারিয়েছে ৩-০ গোলে। ভিলাস-বোয়াস আরও কিছুদিন টিকলেন! পয়েন্ট তালিকার চারে থাকা নিউক্যাসল সহজ প্রতিপক্ষ ছিল না মোটেও। ম্যাচটিও ছিল নিউক্যাসলের মাঠেই। কিন্তু দ্রগবা, কালু এবং স্টারিজের গোলে বিধ্বস্ত নিউক্যাসল এখন ছয়ে। উইগানকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। অধিনায়ক রবিন ফন পার্সি গোল করেছেন এ ম্যাচেও।বুন্দেসলিগায় রিবেরি ও রোবেনের দুই জোড়া গোলে বায়ার্ন মিউনিখ ভেরডার ব্রেমেনকে হারিয়েছে ৪-১-এ। ফিরে পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও। কারণ শীর্ষে থাকা ডর্টমুন্ডকে অন্য ম্যাচে মনশেনগ্লাডবাখ রুখে দিয়েছে ১-১ গোলে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, ডর্টমুন্ডের ৩০। ইতালিয়ান সিরি ‘আ’তে টানা দুই ড্রয়ের পর নাপোলি ৪-২ গোলে হারিয়েছে লেচ্চেকে। এবার জোড়া গোল করেছেন কাভানি।