পারছে না 'এ' দলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দুই ম্যাচে হ্যাম্পশায়ার ও ইয়র্কশায়ারের কাছে হারার পর ‘এ’ দল কাল ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে হেরেছে ৭ উইকেটে। ওল্ড ট্রাফোর্ডে ৪৭.৩ ওভারে মাত্র  ১৭১ রানে অলআউট হয় ‘এ’ দল। ল্যাঙ্কাশায়ার ৩৩.১ ওভারেই তুলে নেয় জয়।

টস জিতে ব্যাট নেওয়া ‘এ’ দল প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারে। ইমরুল কায়েসের (৫) পর তৃতীয় ওভারেই শূন্য রানে আউট এনামুল হক। ৩১ রানে ফেরেন মার্শাল আইয়ুবও (১৮)। এরপর ওপেনার শামসুর রহমান (৫১) নাঈম ইসলামকে (৫৭) নিয়ে গড়েন ইনিংস-সর্বোচ্চ ৮৫ রানের জুটি। ‘এ’ দল শেষ ৫ উইকেট হারায় ২২ রানে।

এর আগে ঈদের দিন নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ৭ রানে। হেডিংলিতে ইয়র্কশায়ারকে ১৯৮ রানে অলআউট করার পর ২৫তম ওভারেই ২ উইকেট ১১৬, জয়ের সুবাসই পাচ্ছিল জহুরুল ইসলামের দল। দারুণ ব্যাট করছিলেন তৃতীয় উইকেটে ৭৪ রান যোগ করা দুই হক—এনামুল ও মমিনুল। ১১৬ রানে মমিনুলের (৩১) বিদায়ের পরই বিপর্যয়। ১১৯ রানের মাথায় আউট মার্শাল আইয়ুব (১) ও এনামুল (৬৯)। ১৬৩ রানে অষ্টম উইকেট পড়ার পর অবশ্য রকিবুল (২৪) চেষ্টা করেন রবিউলকে (১৯) নিয়ে। শেষ পর্যন্ত ১৯১ রানে তিন বলের ব্যবধানে দুজনই আউট। বাংলাদেশ ‘এ’ দলের মূল সর্বনাশ করেছেন আজিম রফিক। ৩০ রানে ৫ উইকেট নিয়ে মিডল অর্ডারে ধস নামিয়েছেন এই অফস্পিনার।

ইয়র্কশায়ারের ইনিংসে পুরো উল্টো চিত্র। ১২৬ রানেই প্রথম ৭ উইকেট হারানো দলটি শেষ ৩ উইকেটে করে ৭২ রান। নয়ে নেমে ইনিংস-সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান সাবেক ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেটের। ২৫ রানে ৩ উইকেট নিয়ে ‘এ’ দলের সেরা বোলার ইলিয়াস সানি। মমিনুল ও রবিউল ২টি করে এবং আল আমিন ও ফরহাদ রেজা ১টি করে উইকেট পেয়েছেন। তথ্যসূত্র: ক্রিকইনফো।