পারনেল এখন অলরাউন্ডার!
‘খুব ভালো একজন অলরাউন্ডার হয়ে ওঠার সব সম্ভাবনাই ওর আছে, নিশ্চিতভাবেই ওর ভবিষ্যত্ দারুণ উজ্জ্বল’—যার কাছ থেকে এমন প্রত্যয়ন পেলেন, ওয়েইন পারনেল গর্বিত হতেই পারেন। জ্যাক ক্যালিস তো শুধু তাঁর অধিনায়কই নন, সর্বকালের সেরা অলরাউন্ডারদেরই একজন। যে ম্যাচের প্রেক্ষাপটে পারনেলের এমন প্রশংসা, সেই ম্যাচেই জায়গা পেয়েছেন অলরাউন্ডারদের এক অভিজাত ক্লাবে (২৫০ উইকেট ও ১০ হাজার রান)। মূল কাজ যেটি তাতে অবশ্য এই বাঁহাতি পেসার ভালো করতে পারেননি মোটেও, ৯ ওভারে ৬৯ রান দিয়ে উইকেট পেয়েছেন মাত্র একটি। তবে ৯ নম্বরে ব্যাট করতে নেমে নিষ্প্রাণ ম্যাচে শুধু প্রাণই ফেরাননি, দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের খুব কাছে। ২৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৫ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এর পরই নাটকীয় পটপরিবর্তন ম্যাচের, দশে নামা ডেল স্টেইনকে নিয়ে ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়েন পারনেল। একপর্যায়ে এক বলে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান, কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হয়ে পারনেল ম্যাচ টাই করার সুযোগের সঙ্গে হাতছাড়া করেছেন তাঁর প্রথম ফিফটিটাও। কালকের ৪৭ বলে ৪৯-এর সঙ্গে যোগ করতে পারেন কলকাতা টেস্টের শেষ দিনের ছবিটা, হাশিম আমলার সঙ্গে প্রায় ২৫ ওভারে তাঁর ৭০ রানের জুটিটা অসম্ভব এক ড্রয়ের স্বপ্ন দেখিয়েছিল। চাপের মুখে এমন দুটি ইনিংস খেললেন, ক্যালিসের কথাকে গুরুত্ব না দিয়ে কিন্তু উপায় নেই!পারনেলের ব্যাটিংয়ে খুশি হলেও মূল ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে মোটেও সন্তুষ্ট নন ক্যালিস, ‘আমাদের বোলাররা খারাপ করেনি। একপর্যায়ে মনে হচ্ছিল ভারত ৩৩০ করে ফেলবে, কিন্তু আটকে রাখতে পেরেছে ৩০০-এর নিচেই। তবে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। পরের ম্যাচে আমাদের নিশ্চিত করতে হবে যেন বড় জুটি গড়তে পারি।’ ক্যালিসের প্রতিপক্ষ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অসন্তুষ্টি আবার বোলিং নিয়ে, ‘বোলিংটা আমাদের আরও ভালো করতে হবে। শুরুতে এবং শেষে আমরা বেশি রান দিয়ে ফেলেছি। ৯ ও ১০ নম্বর ব্যাটসম্যানদের হাতে আমাদের সেরা বোলারদের এভাবে মার খেতে দেখাটা সুখকর নয়।’ তবে শেষপর্যন্ত ব্যবধানটা ১ রান হলেও সিরিজে এগিয়ে যেতে পেরে স্বস্তির নিঃশ্বাসই ফেলেছেন ভারত অধিনায়ক। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ গোয়ালিয়রে। ওয়েবসাইট।