পারফরম্যান্সে উন্নতি হবে, আশাবাদী মুশফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৫৫৬ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাশুল হিসেবে মিরপুর টেস্টে হেরে যায় বাংলাদেশ। খুলনায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, প্রথম টেস্টের শেষ দিনের ওই হারকে হালকাভাবে নিচ্ছেন না তিনি।মুশফিকুর রহিম আশাবাদী, কাল বুধবার থেকে শুরু হতে চলা টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সে আরও উন্নতি হবে। আজ মঙ্গলবার খুলনায় টেস্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলের বিপক্ষে আমরা পুরো পাঁচ দিন খেলেছি। ওদেরকে একবার অলআউটও করেছি। তাই প্রথম ইনিংস থেকে আমরা আত্মবিশ্বাস পেতেই পারি। এটা চাপ নয়, কিন্তু খুলনায় আরও ভালো পারফরম্যান্স আশা করছি আমরা।’মিরপুর টেস্টের স্মৃতি টেনে মুশফিকুর রহিম বলেন, ‘ঢাকায় ৫০০-র বেশি রান তোলা আমাদের জন্য স্বস্তির। কারণ, সেটা ছিল ১১ মাস পর আমাদের প্রথম টেস্ট। একই সঙ্গে ওই হারকে হালকাভাবেও নিচ্ছি না আমরা। প্রথম ও দ্বিতীয় ইনিংসে যা হয়েছে, তা আসলে পরিতৃপ্তি ও হতাশার মিশ্রণ।’ টেস্ট ভেন্যু হিসেবে খুলনার অভিষেক হতে চলেছে কাল। স্বাভাবিকভাবেই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাইবে বাংলাদেশ দল। কথাটা স্বীকারও করলেন মুশফিকুর রহিম, ‘খুলনার জন্য এটা বড় এক মুহূর্ত। আমরাও এখানে ভালোভাবে শুরু করতে চাই।’খুলনা টেস্টের উইকেট সম্পর্কে মুশফিকুর রহিম বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগে আমি এখানে খেলিনি। কিন্তু যারা খেলেছে, তাদের সঙ্গে কথা বলে জেনেছি, এখানকার উইকেট ভালো এবং ব্যাটসম্যানরা সুবিধা পাবে। তৃতীয় বা চতুর্থ দিন থেকে স্পিনাররা সুবিধা পাবে। উইকেটে ভালো বাউন্স থাকবে, এ কারণে পেস বোলাররাও সুবিধা পাবে।’খুলনা স্টেডিয়ামে ইতিহাস এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়েই কথা বলছে। এখানে যতটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তার একটিতেও হারেনি বাংলাদেশ। সংবাদ সম্মেলনে দল সম্পর্কে অবশ্য খুব একটা ধারণা দেননি মুশফিকুর রহিম। তবে দলে হয়তো খুব একটা পরিবর্তন আসবে না। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে কনুইয়ে চোট পাওয়া তামিম ইকবালের কাল মাঠে নামা নিশ্চিত। তবে বাদ পড়তে পারেন জুনায়েদ সিদ্দিকী। সে ক্ষেত্রে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী হতে পারেন আনামুল হক বা নাজিমউদ্দিন। তামিমের ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাঁর বিকল্প হিসেবে আজই আনামুলের নাম ঘোষণা করেন নির্বাচকেরা। তবে পরবর্তী সময়ে ফিটনেস পরীক্ষায় উতরে যান তামিম।