পারবেন ফেদেরার?

রজার ফেদেরারের জন্য গত বছরের ইউএস ওপেন ছিল দুঃস্বপ্নের এক অভিজ্ঞতা। ২০০৩ সালের পর প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিদায়। বারো মাস পর এবার? এবার ফেদেরারকে ঘিরে খেলা করছে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের উজ্জ্বল সম্ভাবনা। যে সম্ভাবনা বাস্তব রূপ পেলে ১৮তম গ্র্যান্ড স্লাম জেতা হয়ে যাবে সুইস কিংবদন্তির।
গতবার টমি রব্রেডোর কাছে চতুর্থ রাউন্ডে হারটা শুধুই আরেকটি ম্যাচ হারায় সীমাবদ্ধ ছিল না। ২০০২ সালের পর প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে ব্যর্থতার সঙ্গে ফেদেরারকে পরিচয় করিয়ে দিয়েছিল এটি। ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ফ্লাশিং মিডোতে শেষ আটে থাকতে না পারার সঙ্গেও। যাতে ফেদেরারের শেষও দেখে ফেলেছিলেন অনেকেই। অনেকে এমনও বলে দেন, ২০১২ সালে জেতা উইম্বলডনই তাঁর শেষ গ্র্যান্ড স্লাম শিরোপা হয়ে রইল, ফেদেরার আর গ্র্যান্ড স্লাম জিততে পারবেন না!
এখনো নিন্দুকদের মুখে ছাই দিতে পারেননি বটে, তবে এবারের ইউএস ওপেনেই সবাইকে ভুল প্রমাণ করে ফেলতে পারেন ফেদেরার। এবারও অবশ্য বছরের প্রথম ভাগটা খারাপই গেছে। তবে ফ্রেঞ্চ ওপেনের পর থেকেই ফেদেরারের র্যাকেটে উল্টো হাওয়া। দুর্দান্ত খেলে উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে। সেখানে পাঁচ সেটের এক মহাকাব্যিক লড়াইয়ের পর হার নোভাক জোকোভিচের কাছে। এরপর যে দুটি টুর্নামেন্টে খেলেছেন, ফাইনালে উঠেছেন সে দুটিরই। সর্বশেষ সিনসিনাটি মাস্টার্সে জিতেছেন শিরোপাও। সব মিলে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ীর প্রস্তুতিটা দারুণ হয়েছে। ৩৩ বছর বয়সী ফেদেরার নিজেই তাই আশাবাদী ইউএস ওপেনেই কেটে যেতে পারে তাঁর তিন বছরের গ্র্যান্ড স্লাম-খরা, ‘আমি দারুণ আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমি জানি আমার খেলাটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই। এ মুহূর্তে যে পর্যায়ে আছি, স্রেফ এটাই ধরে রাখতে হবে।’
১৫তম ইউএস ওপেন এবং ক্যারিয়ারের ৬৪তম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ফেদেরারের শিরোপা-সম্ভাবনা প্রশস্ত করছে প্রধান প্রতিদ্বন্দ্বীদের পড়তি ফর্মও। কবজির চোটের কারণে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল অংশই নিচ্ছেন না। জোকোভিচ ও অ্যান্ডি মারের নিজেদের হারিয়ে খুঁজছেন। উইম্বলডন জিতলেও টরন্টো ও সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন জোকোভিচ। সম্প্রতি বিয়ে করা সার্বিয়ান আসন্ন পিতৃত্ব নিয়ে বেশি ভাবার কারণেই তাঁর মনোযোগ সরে গেছে কি না, এমন আলোচনাও হচ্ছে। যদিও জোকোভিচ সেটি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সত্যি বললে অনেক, অনেক, অনেক কিছুই ঠিকঠাকমতো হচ্ছে না। কোর্টে আমি খুব স্বচ্ছন্দ বোধ করছি না। নিজের কাছে আরও বেশি প্রত্যাশা আমার। আমি অবশ্যই নিউইয়র্কে নিজের সেরা ফর্মে পৌঁছাতে চাই।’
ফেদেরার-নাদাল দ্বৈরথকে ত্রিমুখী লড়াই বানিয়ে দেওয়া জোকোভিচের গ্র্যান্ড স্লাম রেকর্ড খুবই ভালো। ২০০৯ ফ্রেঞ্চ ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হননি। মাত্র একবার শিরোপা জিততে পারলেও ইউএস ওপেনে গত চারবারই উঠেছেন ফাইনালে। নাদাল না থাকায় ৮ সেপ্টেম্বরের ফাইনালে ফেদেরার-জোকোভিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে।
তরুণ তুর্কি হিসেবে আবির্ভূত অ্যান্ডি মারে ২০১২ সালে ইউএস ওপেন জিতেই স্বাদ পেয়েছিলেন প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার। পরের বছর উইম্বলডনে ঐতিহাসিক শিরোপা জয়। কিন্তু এর পর বলার মতো কোনো টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেননি। র্যাঙ্কিংয়ে নেমে গেছেন ৯ নম্বরে। ২০০৯ সালে ফেদেরারকে হারিয়ে শিরোপা জেতা হুয়ান মার্টিন ডেল পোত্রোও চোটের কারণে খেলতে পারছেন না। নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে কানাডার মিলোস রায়োনিচ, বেলজিয়ামের গ্রিগর দিমিত্রভের নাম করা যায়, তবে তাদের গ্র্যান্ড স্লামের দাবিদার বলে ভাবাটা একটু কঠিনই।
সবকিছু মিলে ফেদেরারের আবার আলোয় আসার সুবর্ণ সুযোগ। ফেদেরারের ড্র-ভাগ্যটাও ছিল দারুণ। জোকোভিচ-মারে অন্য অর্ধে পড়ায় ফাইনালের পথটা অনেকটাই সহজ। ফেদেরার পারবেন? এএফপি।