পারবেন লাভেজ্জি-হিগুয়েইনরা?

চোটের কারণে খেলতে পেরেছেন মাত্র ২৩ ম্যাচ, তবু ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে তাঁর ১৭ গোলের ভূমিকা ছিল অনবদ্য। পুরোপুরি সুস্থ সার্জিও আগুয়েরো বিশ্বকাপে আক্রমণ শাণাতে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ডান হাত হবেন, এমনটাই প্রত্যাশা ছিল আকাশি-নীল শিবিরে। কিন্তু গ্রুপপর্বে বসনিয়া-হারজেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষকে পেয়েও নিজের চিরচেনা গোলবুভুক্ষু রূপকে হারিয়ে খুঁজেছেন আগুয়েরো, মেসিকে বলতে গেলে একাই লড়তে হয়েছে মাঠে। শেষ ম্যাচে অ্যাঙ্গেল ডি মারিয়া ফর্মে ফেরার আভাস দিলেও আলবিসেলেস্তের ‘চমৎকার চতুষ্টয়’য়ের আরেক সেনানী গঞ্জালো হিগুয়েইন তিন ম্যাচেই ছিলেন নিষ্প্রভ।
নাইজেরিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে ৩৮ মিনিটের মাথায় চোটের কারণে আগুয়েরোকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ আলেসান্দ্রো সাবেলা। পরে জানা গেল বিশ্বকাপটাই সুতোয় ঝুলছে সিটি স্ট্রাইকারের, এখনো নিশ্চিত নয় নকআউট পর্বে তাঁকে দলে পাওয়া যাবে কি না। সুপার ইগলদের সঙ্গে বদলি হিসেবে নামা প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) উইঙ্গার এজেকিয়েল লাভেজ্জি যদিও বুঝতে দেননি আগুয়েরোর অভাব। আগুয়েরোকে উঠিয়ে নেওয়ার পর মেসিদের জন্য আক্রমণ শাণানো একটু কঠিন হয়ে গেলেও লাভেজ্জির দলের প্রয়োজনে নিচে নেমে মাঝমাঠের খেলোয়াড়দের সাহায্য করার প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে।
তিন ম্যাচে আগুয়েরো কেবল একবারই প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলেছেন, যেটা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছেন ইরানের আলিরেজা হাগিগি। ফর্মের বিচারে আগুয়েরোকে হয়তো বসিয়ে দেওয়ার মতো বিব্রতকর সিদ্ধান্ত নিতেই হতো সাবেলাকে। তবে কি তাঁর চোট শাপেবর হয়ে দেখা দিল আর্জেন্টিনার জন্য? এর উত্তর অনেকটাই নির্ভর করছে লাভেজ্জির পারফরম্যান্সের ওপর। মৌসুমজুড়ে পিএসজির হয়ে করেছেন ১২ গোল। এ ছাড়া কাভানি-ইব্রাহিমোভিচদের বানিয়ে দিয়েছেন আরও ১০ গোল। কিন্তু সেই লাভেজ্জিই আলবিসেলেস্তের হয়ে ৩১ ম্যাচে গোল করেছেন মাত্র চারটি। এবার কি তিনি পারবেন সুযোগের সদ্ব্যবহার করে নিজের সেরাটা ঢেলে দিতে?
লাভেজ্জি-হিগুয়েইনরা যদি পারেন, মাঠের বাইরে থেকে তাদের উৎসাহ জোগাতে জোগাতে নিজের চোটের কথা হয়তো ভুলেই যাবেন আগুয়েরো।