পারভেজ রসুল: সত্যিকারের ‘মুজাহিদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারভেজ রসুল একজন উদীয়মান ভারতীয় ক্রিকেটারের নাম। তিনি অবশ্য এখনো ভারতীয় দলে খেলেননি, কিন্তু গত মাসে একটি পারফরম্যান্সেই তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অনুষ্ঠিত এক ম্যাচে রসুল তাঁর জাদুকরী ঘূর্ণি দিয়ে বধ করেছিলেন সাতজন অসি ব্যাটসম্যানকে। মাত্র ৪৫ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করে পারভেজ রসুল এই মুহূর্তে ভারতীয় দলের সদর দরজায় কড়া নাড়ছেন।উপক্রমণিকাটি পড়লে পাঠক একটু বিরক্তই হতে পারেন। এমন ক্রিকেটার তো কত আসে, কতই যায়। বিশেষ করে, ভারতের মতো বিশাল একটি দেশে এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কম হওয়ার কথা নয়। সুতরাং এই পারভেজ রসুলকে নিয়ে এসব আলোচনার প্রয়োজনই বা কী!পারভেজ রসুলকে নিয়ে এই আলোচনার ঝড় ওঠার মূল কারণ, তিনি উঠে এসেছেন ভারতের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ রাজ্য জম্মু ও কাশ্মীর থেকে। একই সঙ্গে বিদ্রোহ, সন্ত্রাস আর অস্থিতিশীলতার এই রাজ্য থেকে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি আসা প্রথম ক্রিকেটার হচ্ছেন এই পারভেজ রসুল।পারভেজের বর্তমান অবস্থাই তাঁকে কাশ্মীরের মানুষের কাছে চিরকালীন ‘আইকনে’ পরিণত করার জন্য যথেষ্ট। তবে সাবেক ভারতীয় অধিনায়ক বিষেণ সিং বেদির হাত ধরে উঠে আসা পারভেজ রসুল মনে করেন, তাঁকে এখনো অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কোনো নির্দিষ্ট রাজ্য থেকে উঠে আসার কারণে তিনি আলোচনার পাত্র হতে চান না। তিনি চান নিজের অসামান্য ক্রীড়াশৈলী ও পরিশ্রম দিয়েই নিজের অবস্থান পাকাপোক্ত করতে। তিনি আশাবাদী, তিনি তা পারবেন।পারভেজ রসুল শুধু একজন অফস্পিনারই নন, তিনি একজন দারুণ ব্যাটসম্যানও। ভারতের প্রথম শ্রেণীর রনজি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে প্রায় সময়ই তাঁর ব্যাট হেসে ওঠে। কথা বলে ওঠে দলের সাফল্যের পক্ষে। ক্রিকেটার জীবনের শুরুর দিকে তিনি একজন ব্যাটসম্যানই হতে চেয়েছিলেন। কিন্তু একদিন শ্রীনগরের একটি ক্যাম্পে বিষেণ সিং বেদি তাঁকে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও মনোযোগী হতে বললেন। বেদিজীর ওই একটি কথাই পাল্টে দেয় পারভেজ রসুলের জীবন। বেদি সেদিন পারভেজকে এমন কী বলেছিলেন, যা সম্পূর্ণ বদলে দিয়েছিল ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের জীবন! বেদি বলেছিলেন, ‘ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংটাও চালিয়ে যাও। আমার মনে হয়, তুমি তোমার রাজ্যের তো বটেই, গোটা দেশেরই অন্যতম সেরা অলরাউন্ড প্রতিভা।’ বেদির মতো ক্রিকেটারের কাছ থেকে এমন প্রশংসা! অনেক তরুণেরই মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হতে পারে। কিন্তু পারভেজ রসুল বিষেণ সিং বেদির প্রশংসাকে নিয়েছেন তাঁর পাথেয় হিসেবে। বেদির কথাগুলো সঙ্গী করেই তিনি এগিয়ে চলেছেন, সামনের লক্ষ্যগুলো পূরণের উদ্দেশ্যে। পারভেজ রসুলের জীবনাটা কখনোই পুষ্পশয্যা ছিল না। জম্মু ও কাশ্মীরের একজন উদীয়মান ক্রিকেটারের জীবন আর ভারতের অন্য রাজ্যগুলোর তরুণ ক্রিকেটারদের জীবন কোনো সময়ই এক হওয়ার কথা নয়। জম্মু ও কাশ্মীর একটি অস্থিতিশীল রাজ্য। রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষ, রক্তপাত এই রাজ্যের প্রতিদিনকার ঘটনা। এর মধ্যে একজন ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারভেজ রসুলকে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে, সেটা ভেবেও অনেকে আঁতকে উঠবেন। কারফিউ শ্রীনগরের ‘যখন-তখন’ ব্যাপার। এখানে বোমা ফাটছে তো ওখানে গুলি চলছে—এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কঠোর অনুশীলনের মধ্যে নিজেকে গড়ে তোলাটাও ভারতের অনেক রাজ্যের তরুণদের জন্য অভাবনীয় ব্যাপার।২০০৯ সালে পারভেজ রসুলের জীবনে নেমে আসে ভয়ংকর কিছু সময়। বেঙ্গালুরুতে চ্যাম্পিয়নস লিগের খেলা চলাকালে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। পারভেজ রসুল তখন জম্মু ও কাশ্মীর অনূর্ধ্ব-২১ দলের হয়ে একটি ম্যাচ খেলার জন্য বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে অবস্থান করছিলেন, দুর্ভাগ্যবশত তল্লাশির সময় বেঙ্গালুরু পুলিশ তাঁর কিট ব্যাগে বিস্ফোরকের উপাদান আবিষ্কার করে। আটক করে ২৪ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল সেদিন। তবে সেদিনের সেই দুঃস্বপ্নকে কবর চাপা দিয়েছেন পারভেজ রসুল। তিনি আজকের প্রেক্ষাপটে একেবারেই মনে করতে চান না বেঙ্গালুরুতে চার বছর আগের সেই দুঃস্বপ্নকে। অমন কোনো ঘটনা যেন রসুলের জীবনে ঘটেনি, এমনটা ভেবেই সামনের দিকে তাকাতে চান পারভেজ রসুল।ভারতীয় ক্রিকেট দলের স্থানটা এখনো ভবিষ্যতের ব্যাপার। পারভেজ রসুল জানেন, ওটা সহজিয়া কোনো ব্যাপার নয়। তাঁর নিজেকে প্রমাণ করতে হবে। পরিশ্রম করতে হবে কঠোর থেকে কঠোরতর। এরপরই সুযোগ মিলবে দেশকে প্রতিনিধিত্বের। ভারতের দ্বিতীয় জাতীয় দল ‘এ’ দলে এখন খেলছেন তিনি। তবে জানেন, এর পরও ‘এ’ দল থেকে জাতীয় দলের পথটা কত বন্ধুর।পারভেজ ইতিমধ্যেই ভারতীয় দলের নেটে অতিথি বোলার হয়ে বল করেছেন অনেককেই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন যেচে এসে তাঁর সঙ্গে আলাপ জমিয়েছেন। কয়েকদিন তাঁর কাছে ছিল স্বপ্নের মতো। তবে পারভেজ রসুল ওতে সন্তুষ্ট নন। ক্ষুধাটা যেন আরও বেড়ে গেছে। এবার আর অতিথি নয়, সদস্য হয়েই একসঙ্গে থাকতে চান ধোনি, টেন্ডুলকার, কোহলিদের সঙ্গে।অমন দিনগুলো রসুলের খুব দূরের কিছু আর মনে হয় না এখন। ইন্ডিয়া টুডে অবলম্বনে।