পারভেজের অবিশ্বাস্য গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ পারভেজ: প্রায় ৫০ গজ দূর থেকে গোল করে হারিয়ে দিলেন মোহামেডানকে  প্রথম আলো
আবদুল্লাহ পারভেজ: প্রায় ৫০ গজ দূর থেকে গোল করে হারিয়ে দিলেন মোহামেডানকে প্রথম আলো

দূরপাল্লার শটে গোল করায় সুনাম আছে আবদুল্লাহ পারভেজের। এমন গোল করে অনেক ম্যাচ জিতিয়েছেন। এই সেদিনও স্বাধীনতা কাপে
প্রায় ২৫ গজ দূর থেকে শটে গোল করেছিলেন ফেনী সকারের বিপক্ষে। ওই গোলের দৃশ্য ইউটিউব-ফেসবুকে আপলোড করেছিল অনেকে।
আবদুল্লাহ পারভেজ কাল যা করলেন, ইউটিউব-ফেসবুক তো উপচে পড়ার কথা!
প্রায় ৫০ গজ দূর থেকে তাঁর অবিশ্বাস্য এক গোল গোটা বঙ্গবন্ধু স্টেডিয়ামকে বিস্ময়ের চাদরে ঢেকে দিয়েছে। শেষ বাঁশি বাজার অপেক্ষায়
থাকা ২-২ ম্যাচ ৩-২ গোলে জিতে নিল বিজেএমসি। প্রায় পাঁচ-ছয় সেকেন্ড শূন্যে ভেসে বল মোহামেডান গোলরক্ষক মামুন খানকে
হতভম্ব করে জালে! টানা সাত ম্যাচ গোল না খাওয়া মোহামেডান কাল হজম করল দুই গোল।
মামুন খানের সঙ্গে গত মৌসুমে শেখ রাসেলে খেলেছিলেন আবদুল্লাহ পারভেজ। মামুনের দুর্বলতা তাঁর জানাই। নারায়ণগঞ্জের মিডফিল্ডার
সেটিই বললেন ম্যাচ শেষে, ‘মামুন অনেক লম্বা এটা ভেবে দূরপাল্লার শট কেউ নিতে চায় না। কিন্তু আমি জানতাম ও অনুশীলনে
এভাবে অনেক গোল খেয়েছে। বলটি মারার আগে আমি তাই ওর দিকে না তাকিয়ে ইসমাইল বাঙ্গুরার দিকে তাকিয়েছিলাম। কিন্তু আমার
লক্ষ্য ছিল গোলপোস্ট। মামুন বিষয়টা বুঝতেই পারেনি।’
এটিই অবশ্য ক্যারিয়ারের সেরা গোল বলতে আপত্তি পারভেজের। ২০০০ সালে প্রিমিয়ার লিগে প্রায় ৪০ গজ দূর থেকে গোল করে হারিয়ে
দিয়েছিলেন আবাহনীকে। ওই গোলেই ধানমন্ডির কাছে শিরোপা খুইয়েছিল আবাহনী।
মোহামেডান কাল ড্র করতে করতে হারের বেদনা নিয়ে ফিরেছে ক্লাবে। নানা সমস্যায় জর্জরিত বিজেএমসি পেল নতুন প্রাণ। ম্যাচের আগে
বিজেএমসির চেয়ারম্যানের সঙ্গে খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ সভা এবং বকেয়া বেতন পরিশোধের আশ্বাস মনোবল বাড়িয়ে দেয় গোটা দলের।
সেই কারণেই কিনা শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বিজেএমসি। ১৫ মিনিটেই এগিয়ে যায় বাঙ্গুরার পেনাল্টি গোলে। ৩৬ মিনিটে পেনাল্টি থেকেই
১-১ করলেন মোহামেডানের ড্যামিয়েন। ৪৭ মিনিটে ওয়াহেদের গোলে এগিয়েও গিয়েছিল মোহামেডান। ৮১ মিনিটে স্যামসন করেন ২-২।
এরপর যোগ করা সময়ে আবদুল্লাহ পারভেজের মহা নাটকীয় ওই গোল।
হেরেও ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় মোহামেডান। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে বিজেএমসি।
চট্টগ্রাম আবাহনী ও বারিধারার ড্র: চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে উত্তর বারিধারা।