পারল না ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণতা পেল না ইরাকি রূপকথা। মেসোপটেমিয়ার সিংহদের অভিযান শেষ হলো সেমিফাইনালেই। পরশু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে ৭-৬ গোলে হেরেছে ইরাক। ইরাকি তরুণদের হূদয় ভেঙে দিয়েছে এই পরাজয়, কারণ ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল তারাই। কোয়ার্টার ফাইনাল জেতার পর উদ্বাহু উল্লাসে মেতে ওঠা ইরাক পরশু যেন পরিণত হয় শোকস্তব্ধ এক নীরব পুরীতে। টাইব্রেকারে ইরাকি মিডফিল্ডার সাইফ সালমানের অষ্টম শটটা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যেতেই নিশ্চিত হয় ১৯৯৭ সালের পর উরুগুয়ের যুবাদের আবার ফাইনালে ওঠা। টাইব্রেকারে নিজেদের প্রথম শটটি মিস করেছিল দুই দলই। প্রথমার্ধের ২৪ মিনিটে আলী আদনানের ফ্রি-কিকে এগিয়ে যায় ইরাক। ৮৭ মিনিটে উরুগুয়ে সমতায় ফেরে বদলি খেলোয়াড় গঞ্জালো বুয়েনোর গোলে (১-১)। এরপর অতিরিক্ত সময়েও আর গোল পায়নি দল দুটি। এর আগে প্রথম সেমিফাইনালে স্ট্রাইকার ফ্লোরিয়ান থোভোঁর জোড়া গোলে ঘানাকে ২-১ গোলে হারিয়ে ফ্রান্স এবারই প্রথম ফাইনালে উঠল। আগামীকাল ইস্তাম্বুলের ফাইনালে ফরাসিরা উরুগুয়েকে হারাতে পারলে ১৯৯৯ সালের পর প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পাবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ফিফা ডট কম।