পারল না চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে দুর্দান্ত দাপট দেখিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলেও এবারের মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। কিছুদিন আগেই ইতিহাসের প্রথম শিরোপাজয়ী দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ার লজ্জা পেতে হয়েছে চেলসিকে। আশা ছিল, হয়তো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে আবার সাফল্যের ধারায় ফিরতে পারবে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। কিন্তু এখানেও ব্যর্থ হয়েছে তারা। আজ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের শীর্ষ ক্লাব করিন্থিয়ানসের কাছে ১-০ গোলে হেরে গেছে চেলসি। আর স্মরণীয় এই জয় দিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে করিন্থিয়ানস।২০০৭ সাল থেকে টানা পাঁচটি আসর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা গিয়েছিল ইউরোপিয়ান ক্লাবগুলোর ঘরে। কিন্তু এবার ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব চেলসিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানস। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে চেলসির জালে বল জড়িয়ে দেন করিন্থিয়ানসের স্ট্রাইকার গুয়েরো। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর খেলায় সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করেন চেলসির ফুটবলাররা। খেলার একেবারে শেষ মুহূর্তে করিন্থিয়ানসের জালে বলও জড়িয়ে দিয়েছিলেন ফার্নান্দো তোরেস। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোলটি। ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে।—সকারনেট