পারল না রংপুর রাইডার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়েই সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ পেয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বরিশাল বার্নাসের বিপক্ষে ২৬ রানে হেরে যাওয়ায় শেষ চারের লড়াইয়ে যেতে পারল না নবাগত এই দলটি। আজ বরিশাল বার্নাসের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার অন্তিম লড়াইয়ে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ১৪০ রান। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে তাদের ইনিংস শেষ হয়েছে ১১৩ রানে। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ১৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে রংপুর। একে একে ফিরে যান দুই ওপেনার জুনায়েদ সিদ্দিক, শামসুর রহমান, নাসির হোসেন ও ইমরুল কায়েস। পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ক্যামেরন বোরগাস ও ডানজা হায়াট। ১২তম ওভারে বোরগাসকে সাজঘরে ফিরিয়ে বরিশাল বার্নার্সকে শক্ত অবস্থানে নিয়ে যান নাজমুল ইসলাম। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে ফিরে যান বোরগাস। হায়াটের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষপর্যায়ে ২৯ রানের একটি ইনিংস খেলে একাই লড়াই করেছিলেন কেভিন ও’ব্রায়েন। কিন্তু সেটা কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি দলকে। রংপুরের এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোটা। বরিশালের পক্ষে ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন হামিদ হাসান।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পারভেজ মাহারুফের ৩৪, ইলিয়াস সানির ৩০ ও অলোক কাপালির ২৫ রানের ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৩৯ রান জমা করে বরিশাল বার্নার্স।