পারল না সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফতাব-মার্শাল-মেহরাবদের বাইরে রেখে তাঁকে নিয়মিত খেলানো হচ্ছে একাদশে। কেন—এই প্রশ্নের উত্তরটা দলের সবচেয়ে প্রয়োজনের সময়ই দিয়ে দিলেন আরিফুল হক। যখন নামলেন, জয়ের জন্য প্রয়োজন ৩১ বলে ৫৪। আরিফুলের ১২ বলে ২৩ রানের ইনিংসটাই হয়ে গেল নির্ধারক। ম্যাচ যখন দুলছে পেন্ডুলামের মতো, চিগুম্বুরার টানা তিন বলে ১৪ রান নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ২০ বছর বয়সী অলরাউন্ডার। আর রায়ান টেন ডেসকাটের ব্যাট যথারীতি চওড়া দলের প্রয়োজনে। দুজন মিলে চিটাগং কিংসকে তুলে নিলেন ফাইনালে।প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয়ী দলটিই আজ ঢাকা গ্ল্যাডিয়েটরসের টানা দ্বিতীয় শিরোপা-স্বপ্নের পথে বাধা। প্রাথমিক পর্ব শেষে এই ম্যাচে আসতেও চিটাগংকে পার হতে হয়েছে দু-দুটি বাধা। আর সিলেট রয়্যালসের সামনে ছিল দুটি সুযোগ। কিন্তু পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা দলটি ‘রেস টু ফাইনাল’-এর পর দ্বিতীয় সেমিফাইনালও হেরে বিদায় নিল এক বুক হতাশা নিয়ে।তুলনায় বিখ্যাত বিদেশি সতীর্থদের চেয়ে চিটাগংয়ের হয়ে এবার অনেক বেশি উজ্জ্বল ডেসকাট। ডাচ তারা কালও আলো ছড়ালেন। ১৫০ রান তাড়ায় প্রথম দুই ওভারেই চিটাগং হারিয়ে বসে দুই ওপেনারকে। এর পরই ৫৬ রানের জুটি চোট কাটিয়ে ফেরা নাঈম (২৭ বলে ৩১) ও নুরুলের (৩০ বলে ৩৩)। তবে এই দুজনের পর অধিনায়ক মাহমুদউল্লাহও (১৪) যখন বিদায় নেন, ম্যাচ হেলে পড়ে সিলেটের দিকে। শেষ ৫ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ৫২। ডেসকাট ও আরিফুলের ২৩ বলে ৫০ রানের জুটি দলকে নিয়ে যায় জয়ের দুয়ারে। শেষ বেলায় পরপর দুটি স্লোয়ারে আরিফুল ও কুপারকে ফিরিয়ে কিছুটা উত্তেজনা ফিরিয়েছিলেন নাজমুল। সাজিদুলকে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় এনে দেন ডেসকাট (২৮ বলে ৪৪*)।সিলেটের ইনিংসে প্রথম ১০ ওভারে রান ছিল ৩ উইকেটে ৫১। মুশফিকুরের ২০ বলে ৩৬ ও চিগুম্বুরার ২৫ বলে অপরাজিত ৪২ সিলেটকে এনে দেয় লড়ার মতো রান। চিগুম্বুরা-ঝড়ে কুপারের করা শেষ ওভারের ২০ রানই মূলত দেড় শর কাছাকাছি নিয়ে যায় সিলেটকে। চিগুম্বুরার কাছ থেকে পরে সেটা কড়ায়-গন্ডায় আদায় করে নিয়েছে চিটাগং। চিটাগং ইনিংসের ১৭ ওভার শেষেও ম্যাচে ছিল দুই দল। চিগুম্বুরার করা ১৮তম ওভার থেকে ২১ রান নিয়েই আরিফুল-ডেসকাট কার্যত শেষ করে দেন ম্যাচ। ক্রিকেট যে সবাইকে সমতায় ফিরিয়ে আনে, সেটা নিশ্চয়ই এক দিনেই বুঝে গেছেন চিগুম্বুরা!সংক্ষিপ্ত স্কোরসিলেট রয়্যালস: ২০ ওভারে ১৪৯/৭ (চন্দরপল ১৬, স্টার্লিং ১৪, স্মিথ ৬, মুশফিক ৩৬, নবী ১০, চিগুম্বুরা ৪২*, নাজমুল মিলন ৮, সোহাগ ০, সোহরাওয়ার্দী ৬*; ওরাম ০/২৪, তাসকিন ১/২৪, কুপার ২/৩৯, এনামুল জুনিয়র ২/২৪, মাহমুদউল্লাহ ০/১০, বোপারা ১/২১)। চিটাগং কিংস: ১৯.১ ওভারে ১৫০/৭ (নাঈম ৩১, জেসন ১, বোপারা ০, নুরুল ৩৩, ডেসকাট ৪৪*, মাহমুদউল্লাহ ১৪, আরিফুল ২৩, কুপার ০, ওরাম ০*; সোহাগ ১/১৮, চিগুম্বুরা ১/৪৩, নবী ২/৪২, সাজিদুল ০/১৯, সোহরাওয়ার্দী ১/১৭, নাজমুল ২/৯)। ফল: চিটাগং কিংস ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রায়ান টেন ডেসকাট