পারল না স্পেনের ‘ছোটরা’ও
ব্রাজিলের কাছে কনফেডারেশনস কাপের ফাইনালে হারার হতাশা এখনো টাটকাই। এরই মধ্যে স্প্যানিয়ার্ডদের হতাশায় পুড়তে হলো আবারও। ক্যাসিয়াস-রামোস-জাভিদের পর এবার হতাশ করল তাঁদের অনুজরা। তুরস্কে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন স্পেন। গত পরশু স্পেনকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে কনফেডারেশনস কাপে চতুর্থ হওয়া উরুগুয়ে। উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে ফ্রান্সও সেমিফাইনালে সঙ্গী হয়েছে উরুগুয়ের।বড়দের মতো টিকি-টাকা দর্শনকেই বেছে নেওয়া স্পেনের যুবারাই মাঠে ছড়ি ঘুরিয়েছে বেশির ভাগ সময়। কিন্তু গোলের সুযোগ সৃষ্টি করতে পেরেছে কমই। উল্টো দিকে প্রতি-আক্রমণে উরুগুয়ে ছিল বিপজ্জনক। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোল না পাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে গোল করে উরুগুয়েকে জয় এনে দেন ফেলিপে আভেনাত্তি। অন্য কোয়ার্টার ফাইনালে ৩-০-তে এগিয়ে গিয়ে প্রথমার্ধেই বলতে গেলে জয় নিশ্চিত করে ফেলেছিল ফ্রান্স। ওয়েবসাইট।