পারলেন না ইতো
শুধু ক্যামেরুনেরই নয়, গোটা আফ্রিকার ফুটবলেরই প্রতীক হয়ে উঠেছিলেন স্যামুয়েল ইতো। আফ্রিকার তিনবারের বর্ষসেরা এই ফুটবলার যে দলে আছেন সেই দলকে নিয়ে তো মানুষের প্রত্যাশা একটু বেশিই থাকার কথা। নব্বইয়ের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল আফ্রিকার ‘অদম্য সিংহ’রা। এবার আফ্রিকার মাঠে বিশ্বকাপে সেটিকেও ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই বিশ্বকাপ শুরু করেছিল দলটি। কিন্তু এবার ক্যামেরুন চূড়ান্তভাবেই ব্যর্থ।স্যামুয়েল ইতোতে আরো কয়েক কদম আগে বেড়ে বলেই ফেলেছিলেন, ক্যামেরুন বিশ্বের অন্যতম সেরা দল। দলটি এবার বিশ্বকাপ জিতবে। ইতোর কথার ধারে কাছেও নেই এবারের বিশ্বকাপে ক্যামেরুনের পারফরম্যান্স। এর আগেও বিশ্বকাপ খেলেছেন। ক্যামেরুনকে কিছুই দিতে পারেননি। ক্যামেরুনের সাবেক তারকা রজার মিলা কিছুদিন আগে বলেছিলেন, ইউরোপীয় কোনো ক্লাবের জার্সি গায়ে ইতো যতো ভালো পারফমরমার ক্যামেরুনের সবুজ জার্সি গায়ে তিনি ততটাই জঘন্য। মিলার এই মন্তব্যে রেগে-মেগে বিশ্বকাপই খেলবেননা বলে জানিয়েছিলেন তিনি। তারপরেও তিনি খেলেছেন কিন্তু দলকে ব্যর্থতা ছাড়া এনে দিতে পারেননি কিছুই। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে ইতোকে খুঁজেই পাওয়া যায়নি। ডেনমার্কের বিপক্ষে তিনি একটি গোল অবশ্য করেছেন। কিন্তু সেই গোল থেকে লাভবান হয়নি তাঁর দল। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি তাই ইতোর জন্য হয়ে থাকলো হতাশারই। রজার মিলার কথাই শেষপর্যন্ত সত্যি হল- ক্যামেরুনের জার্সি গায়ে আরো একবার ব্যর্থ হলেন স্যামুয়েল ইতো।নব্বইয়ের বিশ্বকাপে মিলা, ওমাম বিইয়িকরা ছিলেন নিতান্তই অখ্যাত খেলোয়াড়। বিশ্বকাপ শুরুর আগে তাদের নাম পর্যন্ত শোনেনি কেউ। আর তারাই কিনা সেবার কাঁপিয়ে দিয়েছিলেন গোটা বিশ্ব । মিলা, বিইয়িকদের তুলনায় স্যামুয়েল ইতো অনেক বড় তারকা। বিশ্ব ফুটবলে বর্তমান সময়ের অন্যতম দামি খেলোয়াড়ও তিনি। কিন্তু নিজদেশকে তিনি কী দিলেন, তা নিয়ে বিতর্ক শুরু হতেই পারে। এটা ঠিক যে ইতোর একার পক্ষে দলকে সাফল্য এনে দেওয়া সম্ভব নয়। কিন্তু তিনি যে একজন নামকরা ফুটবল তারকা তার ছোঁয়া তিনি কী রেখেছেন? বিশ্বকাপে দুই-দুটি খেলা খেলেছে ক্যামেরুন। ডেনমার্কের বিপক্ষে গোলটি ছাড়া ‘ক্যামেরুনে’র স্যামুয়েল ইতো কী ‘ইন্টার মিলান’ কিংবা ‘বার্সেলোনা’র ইতো হয়ে উঠতে পেরেছেন?