পারলেন না ইসিনবায়েভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে প্রত্যাশিত চিত্রনাট্য অনুযায়ীই যে সবকিছু হতে হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অপ্রত্যাশিত ব্যাপারগুলোই যেন এর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। এই যেমন পোল-ভোল্টে ইতিহাস গড়তে পারলেন না ইয়েলিনা ইসিনবায়েভা। প্রথম নারী হিসেবে টানা তিন অলিম্পিকে সোনা জেতার ইতিহাসটা তিনি গড়তে পারলেন না। অথচ প্রত্যাশার চিত্রনাট্যে কিন্তু লেখা ছিল ইসিনবায়েভার জয়ই। ক্যারিয়ারের শেষ অলিম্পিকে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে।কেবল ইসিনবায়েভা নন। এবারের অলিম্পিকে প্রত্যাশা ছিল ব্লেয়াসডেলের ব্যাপারেও। অনেকেই আশা করেছিলেন একসময় ইসিনবায়েভাকে ‘আদর্শ মানা’ এই ব্লেয়াসডেল এবার অন্তত একটি পদক জিতে নিজেকে ইসিনবায়েভার সার্থক উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করবেন। অথচ এই ব্লেয়াসডেল কোনো পদকই জিততে পারেননি। পোল-ভোল্টের আলোচিত ইভেন্টে সোনা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জেন সুর। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর রুপা নিয়ে সন্তুষ্ট থেকেছেন কিউবার ইয়ারিসলে সিলভা। প্রত্যাশার চিত্রনাট্যের সম্পূর্ণ বিপরীত এক ফলাফল।লন্ডন ইসিনবায়েভার জন্য পয়মন্ত এক শহর। এই শহরে অলিম্পিক হওয়ায় সাবেক বিশ্বরেকর্ডধারী ছিলেন দারুণ উদ্বুদ্ধ। ২০০৫ সালে এই শহরেই প্রথম নারী পোল-ভোল্টার হিসেবে লাফিয়েছিলেন ৫ মিটার উচ্চতা। লন্ডন অলিম্পিক ছিল তাঁর জন্য অন্যরকম অনুপ্রেরণার মঞ্চ। তিনি জানিয়ে রেখেছিলেন, লন্ডনে টানা তিন অলিম্পিকে সোনা জিতলে সেটা হবে তাঁর ক্যারিয়ারের জন্য দারুণ একটা ব্যাপার।টানা দুটি অলিম্পিকে সোনা জিতলেও গত বছর দেগুতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে তিনি মোটেও ভালো করতে পারেননি। বিশ্বচ্যাম্পিয়নশিপে ভালো ফল করতে না পারার কারণে পোল-ভোল্টার হিসেবে ইতিহাসে তাঁর ‘অমরত্ব’ প্রাপ্তি হয়তো কিছুটা ঝুলে গিয়েছিল। এবারের লন্ডন অলিম্পিকে সোনা জিতে সেই অপ্রাপ্তি মিটিয়ে ফেলার প্রত্যাশা ছিল ইসিনবায়েভার। শেষটা ভালো করে করার জন্য ফিরে গিয়েছিলেন ছোটবেলার কোচের কাছে। ইসিনবায়েভার এই সিদ্ধান্ত অবশ্য কাজে লেগেছে। গত শীতে ইনডোর প্রতিযোগিতায় তিনি ভেঙেছেন নিজের রেকর্ড। মার্চে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর প্রতিযোগিতায়ও তিনি শিরোপা জিতেছিলেন। লন্ডনে ইসিনবায়েভার আগমনটি ছিল প্রত্যাশা ছড়ানো, আশা জাগানিয়া। কিন্তু শেষপর্যন্ত হতাশই হতে হলো তাঁকে।ইসিনবায়েভা ইনডোরে শিরোপা জিতলেও অলিম্পিকে সোনার পদক ছিনিয়ে নেওয়া সুর কিন্তু ছিলেন আউটডোরের চ্যাম্পিয়ন। তিনি হয়তো মনের মধ্যে চেপে রেখেছিলেন ইসিনবায়েভাকে কিছু একটা করে দেখিয়ে দেওয়ার জেদ। লন্ডন অলিম্পিকে সেই জেদ মোতাবিকই সব প্রতিপক্ষের কাছেই দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রমাণ করলেন সুর। রাতের লন্ডনে বাতাস ও শীতের মধ্যে অন্য ১২ প্রতিদ্বন্দ্বীর যেখানে দারুণ সমস্যা হচ্ছিল, সেখানে জেন সুর দেখিয়ে দিলেন প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন তিনি। যে প্রস্তুতিতে হয়তো ঘাটতি ছিল অন্যদের।ব্লেয়াসডেল প্রথম থেকেই ছিলেন নড়বড়ে। প্রথম দুটি লাফে তিনি ছিলেন ব্যর্থ। পরে যে লাফে সফল হলেন, তাতে একবারও মনে হয়নি, তিনি পদক জিততে পারবেন। এযাবত্কালে তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে ভয়াবহভাবেই ব্যর্থ হলেন তিনি। অভিষেকে ব্যর্থ হওয়া অ্যাথলেট হিসেবে অবশ্য ব্লেয়াসডেলের সঙ্গী আছেন অনেকেই। তবে তিনি দুঃখ পেতেই পারেন যে উচ্চতা তিনি এ বছর ১৫ বার লাফিয়েছেন সফলভাবে, সেই উচ্চতাই তিনি অতিক্রম করতে পারলেন না অলিম্পিকে, নিজের মাটিতে, পরিচিত দর্শকদের সামনে। ইসিনবায়েভার ব্যাপারে ফিরে আসা যাক। সোনা জিততে না পারা এই রুশ পোল-ভোল্টার অবশ্য তরুণী ব্লেয়াসডেলকে সান্ত্বনা দিতে যেতে পারেন। বলতে পারেন, অলিম্পিক কেবল ব্লেয়াসডেলকেই কাঁদায়নি, প্রত্যাশার ফানুস চুপসে দিয়েছে তাঁর নিজেরও। অলিম্পিক কত দুর্গম এক মঞ্চ, সেই শিক্ষাটাও ইসিনবায়েভার কাছ থেকে পেয়ে যেতে পারেন ব্লেয়াসডেল। ডেইলি টেলিগ্রাফ।