পারলেন না গ্যাটলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দ্রে দে গ্রাসের দিকে তাকিয়ে উসাইন বোল্ট সেই চেনা দুষ্টুমিমাখা হাসি হাসছেন, গ্রাসের মুখেও হাসি। দৌড়টা যে ২০০ মিটারের সেমিফাইনাল, বিশ্বাস করতে একটু কষ্টই হওয়ার কথা! পরশু দুজন বাকিদের চেয়ে এতটাই এগিয়ে থাকলেন, আক্ষরিক অর্থেই হেসেখেলে শেষ করার বিলাসিতাও দেখাতে পারলেন। তবে ১০০ মিটারের মতো আরেকটি বোল্ট-গ্যাটলিন দ্বৈরথ আর দেখা হচ্ছে না। ২০০ মিটারের ফাইনালেই যে উঠতে পারেননি যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। গত লন্ডন অলিম্পিকের রুপাজয়ী সতীর্থ জ্যামাইকান ইয়োহান ব্লেকও উতরাতে পারেননি সেমিফাইনাল।
২০০ মিটারই যে তাঁর সবচেয়ে প্রিয়, সেটা বোল্ট আগেও বলেছেন। এই ইভেন্টে ১৯ সেকেন্ডের কমে শেষ করার লক্ষ্যটাও জানিয়েছেন এই অলিম্পিকেই। পরশু সেমিফাইনালে অবশ্য এটা হলো না, ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়েই দৌড় শেষ করেছেন বোল্ট। এটাই আবার চলতি মৌসুমে ২০০ মিটারের সেরা টাইমিং। দে গ্রাস ফাইনালে উঠেছেন মৌসুমের দ্বিতীয় সেরা টাইমিং ১৯.৮০ করে। বোল্ট হাসতে হাসতে জানালেন, দে গ্রাসই তাঁকে জোরে দৌড়াতে বাধ্য করেছেন, ‘তার তো এত দ্রুত দৌড়ানোর কথা নয়। আমি বললাম, “তুমি করছটা কী, এটা তো সেমিফাইনাল!” আমার মনে হয় সে আমাকে একটু খাটাতে চেয়েছে!’ তবে ফাইনালে চোখ যে নিজের ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটা ভেঙে ফেলার দিকে, বোল্ট সেটি জানিয়ে দিয়েছেন পরিষ্কার, ‘অবশ্যই আমি বিশ্ব রেকর্ডের জন্য চেষ্টা করব।’
অথচ ২০০ মিটারের আসল লড়াইয়ে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী যিনি হতে পারতেন, সেই গ্যাটলিনই নেই। ২০.১৩ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালেই বাদ পড়েছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার। হতাশ গ্যাটলিন কাঠগড়ায় তুললেন তাঁর অ্যাঙ্কেলের চোটকে, ‘আজ (কাল) ওয়ার্মআপের সময়ই ব্যথা পেয়েছি, এই চোটটা অনেক দিন ভোগাচ্ছে আমাকে।’ গ্যাটলিন ফাইনালে উঠতে না পারায় বোল্ট অবশ্য খুব একটা বিস্মিত হননি, ‘আমি পুরোপুরি বিস্মিত নই। ওর তো বয়স হচ্ছে, ১০০ মিটারে ওকে দেখেই বুঝেছি সে ব্যথা টের পাচ্ছে।’
২০০ মিটারেও বোল্ট ‘হ্যাটট্রিক’ পেয়েছেন কি না, সেটি এতক্ষণে জেনে যাওয়ার কথা। ফাইনাল হয়ে গেছে আজ সকালেই। এএফপি।